...|...|...

খেলা

ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েলবিরোধী স্লোগান, সংঘর্ষে বন্ধ ম্যাচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:১০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৩
Shares
ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েলবিরোধী স্লোগান, সংঘর্ষে বন্ধ ম্যাচ

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে এবার তুরস্ক-ইসরায়েল উত্তেজনার প্রভাব। ইসরায়েলের ক্লাব হাপোয়েল বেয়ার শেভার বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন তুরস্কের ক্লাব বেসিকতাসের ফুটবলাররা। গ্যালারিতে উড়েছে ফিলিস্তিনের পতাকা, উঠেছে ইসরায়েলবিরোধী স্লোগান। পরে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে খেলা। সব উত্তেজনা পেরিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেয়েছে বেসিকতাস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জর্জিয়ার বাতুমিতে উয়েফা ইউরোপা লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। নিরাপত্তাজনিত কারণে তুরস্কের ইস্তাম্বুল থেকে ম্যাচটি জর্জিয়ায় সরিয়ে নেওয়া হয়েছিল। তবে নিরপেক্ষ ভেন্যুতেও এড়ানো যায়নি রাজনৈতিক উত্তেজনা।

ম্যাচের আগে করমর্দন এড়িয়ে গেল বেসিকতাস

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রচলিত করমর্দনের আনুষ্ঠানিকতা হয়নি। বেসিকতাসের ফুটবলাররা ইসরায়েলি ক্লাবটির খেলোয়াড়দের সাথে হাত মেলাননি। টসের সময়ও বেসিকতাস অধিনায়ক ওরকুন কোকচু প্রতিপক্ষ অধিনায়কের সাথে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে সরে যান।

এদিকে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা ও স্বাধীনতার পক্ষে লেখা ব্যানার দেখা যায়। সমর্থকদের কণ্ঠে শোনা যায় ইসরায়েলবিরোধী স্লোগান।

সমর্থক-পুলিশ সংঘর্ষে বন্ধ খেলা

ম্যাচের ২৬ মিনিটে স্কোর যখন গোলশূন্য, তখন গ্যালারিতে বেসিকতাস সমর্থকদের সাথে জর্জিয়ার পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

বার্তা সংস্থা এপি ও এএফপির তথ্য অনুযায়ী, এ সময় পুলিশ সমর্থকদের ওপর পেপার স্প্রে ব্যবহার করে। সংঘর্ষে কয়েকজন সমর্থক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ডেনমার্কের রেফারি মর্টেন ক্রগ খেলোয়াড়দের মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার নির্দেশ দেন। প্রায় ৩০ মিনিট পর আবার শুরু হয় খেলা।

তবে সংঘর্ষের সূত্রপাত নিয়ে উয়েফা ও জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে ভিন্নতা রয়েছে। উয়েফার দাবি, বেসিকতাস সমর্থকদের নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। পরে পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

অন্যদিকে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের পতাকা বা ব্যানার প্রদর্শনের আগেই সমর্থকদের সহিংস আচরণ শুরু হয়। তাদের দাবি, সমর্থকেরা পুলিশের দিকে স্টেডিয়ামের আসন ছুড়ে মারেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন এবং ১৬ জনকে আটক করা হয়। পতাকা প্রদর্শনের কারণে বলপ্রয়োগের অভিযোগও অস্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ।

পুলিশের আচরণের সমালোচনা করেছে বেসিকতাস। ক্লাবটির অভিযোগ, সমর্থকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে। এ ঘটনায় উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে তারা।

বেসিকতাসের পাশে তুরস্কের ফুটবল মহল

ঘটনার প্রতিবাদ জানিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন। জর্জিয়ার পুলিশের আচরণকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সমর্থকদের সাথে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে সংস্থাটি। পাশাপাশি ঘটনার তদন্ত দাবি করেছে তারা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ বিষয়ে জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাকা বোচোরিশভিলির সাথে টেলিফোনে কথা বলেছেন। বাতুমিতে অবস্থানরত সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন তুরস্কের কূটনীতিকেরাও। বেসিকতাসের নগর প্রতিদ্বন্দ্বী গালাতাসারাই ও ফেনেরবাচেও সমর্থকদের প্রতি সংহতি জানিয়েছে।

শেষ হাসি বেসিকতাসের

মাঠের বাইরের উত্তেজনার মধ্যেও জয় তুলে নিয়েছে বেসিকতাস। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি অধিনায়ক ওরকুন কোকচু। তার শট ঠেকিয়ে দেন হাপোয়েলের আর্জেন্টাইন গোলরক্ষক মার্কো উলফ।

দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে জুনিয়র ওলাইটানের গোলে এগিয়ে যায় বেসিকতাস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কোকচু ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জাভন ইস্ট একটি গোল শোধ করলেও তাতে ম্যাচের ফল বদলায়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তুরস্কের ক্লাবটি।