গাজায় ইসরায়েলের গণহত্যা, অবরোধ ও দখলদারত্বের বিরুদ্ধে বিশ্ববাসীকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্প্যানিশ ফুটবল কোচ পেপ গার্দিওলা। একই সাথে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা (বিডিএস) আন্দোলনের প্রশংসা করেছেন তিনি। গার্দিওলার মতে, ফিলিস্তিনে বর্ণবাদী ব্যবস্থা, ঔপনিবেশিকতা ও দখলদারত্বের অবসান ঘটানোর দাবি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।
গত সপ্তাহে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত বিডিএস আন্দোলনের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইউরোপীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন সাবেক বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি কোচ। সম্মেলনে দেওয়া তার বক্তব্যটি একান্তভাবে প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
গার্দিওলা বলেন, ‘গাজার পরবর্তী বিশ্ব আমাদের ভয়াবহতার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং অন্যায়ের অবাধ্য হতে বলছে।’ এ সময় তিনি বার্সেলোনার প্রতিরোধের ইতিহাস, ফিলিস্তিনি বুদ্ধিজীবীদের লেখা এবং দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্তর্জাতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি নিজেদের অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্ণবাদী কোনো ব্যবস্থা নিজে থেকে কখনো শেষ হয় না। আর নীরবতা কাউকেই রক্ষা করতে পারে না।
খেলাধুলার মাধ্যমে কী ধরনের ভূমিকা রাখা সম্ভব, এমন প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, ‘আমি যখনই জানতে চাই খেলাধুলা কী করতে পারে, তখনই মনে করি, এটি অনেক কিছু করতে পারে, আরও বেশি কিছু করতে পারে। একই প্রশ্ন সংস্কৃতি, বিজ্ঞান ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য। তারা কী করতে পারে?’
বার্সেলোনার ক্যাসিনো লা আলিয়াঙ্কা দেল পবলেনু মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন গার্দিওলা। এ সময় বিডিএস আন্দোলনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা যা করেছেন, যা করছেন এবং ভবিষ্যতে যা করবেন, তার সবকিছুর জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই।’
সম্মেলনে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অধিকারকর্মী, শিক্ষাবিদ, শিল্পী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও ফিলিস্তিনপন্থী প্রচারকরা অংশ নেন। খেলাধুলার জগতের মানুষেরাও কীভাবে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সংহতি জোরদার করতে পারেন, তা নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইনের প্রতিনিধি রেবেকা ও'কিফি। সংগঠনটির উদ্যোগে পরিচালিত ‘স্টপ দ্য গেম’ প্রচারণার লক্ষ্য, ইসরায়েলের বিপক্ষে ম্যাচ আয়োজন থেকে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএআই) সরে আসার আহ্বান জানানো।
আলজাজিরাকে ও'কিফি বলেন, ক্রীড়াঙ্গনে অনেক সময় প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নেওয়ার কারণে খেলোয়াড়দের সমালোচনা বা বাধার মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে গার্দিওলার মতো বিশ্বজুড়ে পরিচিত ব্যক্তিত্বের ফিলিস্তিনের পক্ষে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এমন তারকাদের বক্তব্য বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করে।
গাজায় ধ্বংসযজ্ঞের ভয়াবহতা তুলে ধরে গার্দিওলা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এখনই গণহত্যা বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধের দাবি জানানো প্রয়োজন।
তিনি বলেন, ‘প্রতিটি উদ্যোগের গুরুত্ব রয়েছে, কারণ প্রতিটি মানুষের জীবনই মূল্যবান।’
বক্তব্যে বার্সেলোনার ইতিহাসের সাথে ফিলিস্তিনিদের সংগ্রামের তুলনাও করেন স্প্যানিশ এই কোচ। স্পেনের গৃহযুদ্ধের সময় শহরটিতে বোমা হামলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নির্মিত ১ হাজার ৩০০টির বেশি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের কথা স্মরণ করেন তিনি।
গার্দিওলার ভাষায়, যুদ্ধের সময় বার্সেলোনাকেও অন্য অনেক শহরের মতো বোমা হামলার শিকার হতে হয়েছিল। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের দীর্ঘ ইতিহাস রয়েছে শহরটির। এ কারণে সেখানে ইউরোপীয় বিডিএস সম্মেলন আয়োজনের সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ ও বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদের একটি কথোপকথনের প্রসঙ্গ টানেন গার্দিওলা। ফিলিস্তিনের স্বাধীনতার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় সাঈদ একে ‘অসম্ভব’ বলে উল্লেখ করেছিলেন। দারবিশ যখন জানতে চান, সেই অসম্ভব কি অনেক দূরে, তখন সাঈদের উত্তর ছিল, ‘এক প্রজন্ম দূরে।’
সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে গার্দিওলা বলেন, ‘এখন সেই প্রজন্ম আপনারাই।’
সবশেষে ফিলিস্তিনি কার্টুনশিল্পী নাজি আল-আলীর সৃষ্ট জনপ্রিয় চরিত্র হানজালার প্রসঙ্গ তুলে বক্তব্য শেষ করেন তিনি। ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার আগপর্যন্ত যে চরিত্রটি সব সময় দর্শকের দিকে পেছন ফিরে থাকে।
গার্দিওলা বলেন, সংহতির বীজ ছড়িয়ে পড়তে থাকুক, হানজালা যেন দ্রুত নিজের ঘরে ফিরতে পারে। একই সঙ্গে ঔপনিবেশিকতা, দখলদারত্ব ও বর্ণবাদী ব্যবস্থার অবসানের আহ্বান জানান তিনি।



