...|...|...

বিশ্ব

হ্যাকারদের কবলে মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড সিস্টেম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ১০:৫১
Shares
হ্যাকারদের কবলে মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড সিস্টেম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ানে’ অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এতে কৌশলগত পরিকল্পনা, কর্মীদের তথ্য এবং সরবরাহব্যবস্থাসংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। শুক্রবার (২৭ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুটি সূত্র জানিয়েছে, গত এক মাসের মধ্যে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মে কারিগরি উন্নয়নের কাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এ ঘটনার পর প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পূর্ণ পরিসর কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা বা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষায় আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।’

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের লক্ষ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব প্রয়োজন এক জায়গা থেকে পূরণ করা। এ জন্য মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রযুক্তিগত সম্পদ একত্র করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা, সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসহ নানা কাজের বহু অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।

এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা, যার মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন এলাকার আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করা হয়। এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’; এই ব্যবস্থায় বিশ্বের দুই শতাধিক স্থানে মার্কিন বিমানবাহিনীর নিয়ন্ত্রণে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়।

২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল এসএআইসি; ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে জানতে চাইলে এসএআইসি কোনো জবাব দেয়নি এবং লেইডোস বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পাঁচ ব্যক্তি রয়টার্সের সাথে কথা বলেছেন। দুটি সূত্রের ভাষ্য অনুযায়ী, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বড় ক্লাউড প্ল্যাটফর্ম এবং সেখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটি বেশ গুরুতর। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা ‘সাইবার কমান্ডের’ সহায়তা নিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।

হ্যাকিং শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। সূত্রগুলো জানায়, প্ল্যাটফর্মটিতে প্রশাসনিক ও দাপ্তরিক অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে, যা দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম অগ্রাধিকার ছিল।

পাশাপাশি প্ল্যাটফর্মটিতে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ (আপডেট) প্রক্রিয়াও বন্ধ রাখা হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য সামনে এলেও বিমানবাহিনীর কর্মীরা সেগুলোর ত্রুটি সংশোধন করতে পারছেন না। এ ছাড়া কয়েকজন ব্যবহারকারীর ‘অ্যাডমিন অ্যাক্সেস’ বাতিল করা হয়েছে।

একটি সূত্র জানায়, সাইবার হামলাকারীরা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের নিয়ন্ত্রণ স্তরে (কন্ট্রোল প্লেন) প্রবেশ করে। ওই সূত্র কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করে বলেন, তাত্ত্বিকভাবে এই স্তরে প্রবেশের সুযোগ পেলে হামলাকারীরা সামরিক উড়োজাহাজের কার্যক্রম কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারে। তবে এই ঘটনায় হ্যাকাররা তেমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার অনুপ্রবেশের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এ হামলার খবর সামনে এল। সাম্প্রতিক সময়ে এফবিআইয়ে দুটি হামলা, পেন্টাগনের ডেটাবেস হ্যাকিং, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, দুটি গোয়েন্দা সংস্থার নিরাপত্তা লঙ্ঘন এবং অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলাসহ অন্তত ছয়টি বড় ঘটনার ক্ষয়ক্ষতি সামাল দিতে হচ্ছে মার্কিন সরকারকে।

দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু হয়ে থাকা ক্লাউড ওয়ানের কর্মকর্তারা ২০২৩ সালে অনলাইন সংবাদমাধ্যম ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে দাবি করেছিলেন, প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের অসংখ্য চেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে তারা শতভাগ সফল। তখন তাঁরা লিখেছিলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে ভুলের কোনো সুযোগ নেই।’