...|...|...

বিশ্ব

রাশিয়া-ন্যাটো উত্তেজনা, তবে কি পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৬
Shares
রাশিয়া-ন্যাটো উত্তেজনা, তবে কি পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব?

ছবি: সংগৃহীত

রাশিয়া ও ন্যাটোর মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই আবারও সামনে এসেছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। বাল্টিক সাগরে নিজেদের গুরুত্বপূর্ণ তেল রফতানির পথ রক্ষায় প্রয়োজনে আগাম পারমাণবিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো—এমন দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা। একই সময়ে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে যুক্তরাজ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্য ও রিজার্ভ সদস্যের সাথে যোগাযোগ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাতীয় জরুরি পরিস্থিতিতে তাদের আবারও সামরিক দায়িত্বে ফেরার প্রয়োজন হতে পারে—এমন সম্ভাবনা সামনে রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সেনাবাহিনী, রয়্যাল এয়ার ফোর্স ও রয়্যাল নেভির প্রধানদের স্বাক্ষর করা চিঠিতে রিজার্ভ সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী বসন্তে অনুষ্ঠেয় ন্যাটোর গুরুত্বপূর্ণ ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’ মহড়ায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

একইসাথে তাদের বর্তমান যোগাযোগের তথ্য, পেশা এবং সামরিক বাহিনী ছাড়ার পর অর্জিত দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে।

তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের অর্থ তাৎক্ষণিকভাবে সেনা সমাবেশ বা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা নয়। বরং প্রতিরোধক্ষমতা ও প্রস্তুতি বাড়িয়ে সংঘাতের ঝুঁকি কমানোই এর উদ্দেশ্য।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এর আগে সতর্ক করেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে সম্ভাব্য যুদ্ধের জন্য যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার তিনি বলেন, দেশটি এখন উচ্চমাত্রার নিরাপত্তা হুমকির পরিবেশে রয়েছে।

এমন সময়ে যুক্তরাজ্য প্রস্তুতি বাড়াচ্ছে, যখন দেশটির নিয়মিত সেনাবাহিনীর সদস্যসংখ্যা কমে প্রায় ৭৩ হাজারে নেমেছে। নেপোলিয়নিক যুদ্ধের পর এটি সর্বনিম্ন।

বাল্টিক সাগর ঘিরে কেন এত উত্তেজনা

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানে উঠে এসেছে, বাল্টিক সাগরে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ ঠেকাতে গত কয়েক মাস ধরে গোপন কূটনৈতিক যোগাযোগ চলছে।

রাশিয়ার সমুদ্রপথে তেল রফতানির ৬০ শতাংশের বেশি বাল্টিক সাগর দিয়ে পরিবহন করা হয়। ফলে ইউক্রেন যুদ্ধের মধ্যে রুশ অর্থনীতির জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে বাল্টিক সাগরের প্রায় পুরো অঞ্চলই ন্যাটোভুক্ত দেশগুলো দিয়ে ঘেরা। মস্কোর আশঙ্কা, পশ্চিমা দেশগুলো চাইলে নৌ অবরোধ আরোপ করে রাশিয়ার তেল রফতানি ও বাণিজ্যে বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে।

পশ্চিমা কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রসজ্জিত যুদ্ধজাহাজ দিয়ে রুশ তেলবাহী ট্যাংকার পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছে মস্কো।

জার্মান কোস্টগার্ড এক বছরের কিছু বেশি সময়ে বাল্টিক ও উত্তর সাগরে রুশ যুদ্ধজাহাজের ট্যাংকার পাহারার ২৬০টি ঘটনা নথিভুক্ত করেছে।

গত মে মাসে বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দিয়ে আইনও পাস করে রাশিয়া। একই সময়ে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ অঞ্চলে ড্রোন, রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করে মস্কো।

ন্যাটোকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি

আগস্টে ইউরোপীয় দেশগুলোর রুশ ট্যাংকারবিরোধী পদক্ষেপকে ‘জলদস্যুতা ও ডাকাতি’ বলে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

এর এক মাস পর ন্যাটোর কাছে একটি অস্বাভাবিক লিখিত সতর্কবার্তা পাঠায় ক্রেমলিন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সেখানে রাশিয়া জানায়, বাল্টিক সাগরে নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজন হলে তারা আগাম পারমাণবিক হামলা চালাতে প্রস্তুত। এমনকি রুশ ভূখণ্ডে সরাসরি হামলা না হলেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা।

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র, ন্যাটোর উদ্বেগ

রাশিয়া-ন্যাটো উত্তেজনা বাড়িয়েছে সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনা।

গত সপ্তাহে রাশিয়ার ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র পূর্ব পোল্যান্ডে প্রবেশ করে। ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকার প্রায় ১০০ কিলোমিটার দূরে যায়, যেখানে ব্রিটিশ নেতৃত্বে সামরিক মহড়া চলছিল।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে ইচ্ছাকৃত উসকানি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি।

অন্যদিকে সম্ভাব্য হামলা থেকে বিমান রক্ষায় রয়্যাল এয়ার ফোর্স রাতে উড়োজাহাজ হ্যাঙ্গারে সরিয়ে নেওয়া শুরু করেছে। বিমানঘাঁটিগুলোতে ড্রোন প্রতিরোধী জাল বসানোর পরিকল্পনাও রয়েছে।

‘শ্যাডো ফ্লিট’ নিয়ে মুখোমুখি রাশিয়া-পশ্চিম

বর্তমান উত্তেজনার আরেকটি বড় কারণ রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রফতানির জন্য মস্কো এই ট্যাংকার নেটওয়ার্ক ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের শেষ দিক থেকে এ ধরনের ট্যাংকার সন্দেহে অন্তত ১৪টি জাহাজ পশ্চিমা বাহিনী আটক বা তল্লাশি করেছে।

এরপর রুশ যুদ্ধজাহাজ এসব ট্যাংকার পাহারা দিতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

জুনের শেষ দিকে গ্রিনপিসের পরিবেশকর্মীরা একটি সন্দেহভাজন রুশ শ্যাডো ফ্লিট ট্যাংকারের কাছে গেলে একটি রুশ যুদ্ধজাহাজ তাদের দিকে এগিয়ে যায়। পরে জার্মান কোস্টগার্ড পরিস্থিতি সামাল দেয়।

এক জার্মান কর্মকর্তা ঘটনাটিকে ‘উচ্চমাত্রার উত্তেজনা তৈরির ঝুঁকিপূর্ণ ঘটনা’ বলে বর্ণনা করেন।

সেপ্টেম্বরে একই রুশ যুদ্ধজাহাজ একটি ডেনিশ সামরিক হেলিকপ্টারের দিকে সিগন্যাল ফ্লেয়ার ছোড়ে। এক মাস পর ডেনমার্কের বোর্নহোম দ্বীপের কাছে দুটি রুশ যুদ্ধজাহাজ ডেনিশ ও জার্মান কোস্টগার্ডের পথও আটকে দেয়।

যুদ্ধ ঠেকাতে গোপন কূটনীতি

অন্যদিকে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে গোপনে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে পশ্চিমা দেশগুলো।

ফিনল্যান্ড রুশ রাষ্ট্রদূতকে ডেকে জানায়, ন্যাটোর বাল্টিক সাগরে রাশিয়ার নৌপথ অবরোধের কোনো পরিকল্পনা নেই।

তবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব মনে করেন, এই বার্তা সরাসরি পুতিনের কাছে পৌঁছানো প্রয়োজন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ক্রেমলিনে সরাসরি যোগাযোগ রয়েছে এমন এক রুশ ধনকুবেরের সহায়তাও নেওয়া হয়। তিনি নরওয়েতে পশ্চিমা কর্মকর্তাদের সাথে বৈঠকের পর মস্কোয় ফিরে পুতিনের কাছে বার্তা পৌঁছে দেন।

এরপর স্টাব ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে সরাসরি পুতিনের সাথে কথা বলেন।

২৭ অক্টোবর পুতিনকে স্টাব বলেন, ‘শান্তিকালে বাল্টিক সাগর অবরোধ করার কোনো ইচ্ছা আমাদের নেই। আপনি এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আমরা আইন অনুযায়ী কাজ করব।’

এরপর পুতিনও প্রকাশ্যে বলেন, রাশিয়া বাল্টিক সাগরকে আরেকটি হরমুজ প্রণালিতে পরিণত করতে চায় না।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘আমরা তা চাই না। কিন্তু যেকোনো চ্যালেঞ্জের জবাব দেব।’

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ‘কেউই বিজয়ী হবে না’ বলেও হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট।

ফলে এখন পর্যন্ত রাশিয়া বা ন্যাটো কেউই সরাসরি যুদ্ধ চায়—এমন প্রমাণ নেই। বরং দুই পক্ষই একদিকে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, অন্যদিকে কূটনৈতিকভাবে সংঘাত এড়ানোর চেষ্টা করছে। তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি এবং বাল্টিক অঞ্চলে সামরিক বাহিনীর মুখোমুখি অবস্থান নতুন করে প্রশ্ন তুলছে—রাশিয়া ও ন্যাটোর এই উত্তেজনা শেষ পর্যন্ত কত দূর গড়াবে?