...|...|...

রাজনীতি

নিউইয়র্কে হ্যারি টমাসের বক্তব্যে বিব্রত আ.লীগের নেতাকর্মীরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৪
Shares
নিউইয়র্কে হ্যারি টমাসের বক্তব্যে বিব্রত আ.লীগের নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান ও গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে। একই সাথে নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিও স্বীকৃতি পাওয়া উচিত।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে ‘ঢাকা কোন পথে: বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হ্যারি কে টমাস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেদের প্রচারণার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বহুদলীয় গণতন্ত্র প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, একটি দেশের মানুষকেই তা বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ সেটাই করেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাবে, নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে, যাদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। পাশাপাশি উত্তেজিত জনতার হামলায় ৪৪ জন পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর আরও আটজন সদস্য প্রাণ হারান। তাদেরও আমাদের স্মরণ করা উচিত।

রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে ছাদে সংঘর্ষ দেখার সময় নিহত ছয় বছরের শিশুর কথা স্মরণ করেন সাবেক এ রাষ্ট্রদূত। তিনি বলেন, তাদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে। আজ আমরা যা-ই বলি, সবার আগে এ কথাই বলা উচিত।

নির্বাচন প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনের ফল নিয়ে যার যা-ই মত থাকুক, বাংলাদেশে ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের স্বীকৃতি দেওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশ থেকে সরে গেছে-এমন কথা প্রায়ই শুনি। কিন্তু যুক্তরাষ্ট্র মোটেও সরে যায়নি। ২০২৬ সালে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতরের (ওসিএইচএ) যৌথ তহবিলে ৩০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের মানুষের স্বাস্থ্য কর্মসূচিতে প্রায় ১০ কোটি ডলার অর্থায়ন করছে ওয়াশিংটন, যা আমাদের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় কর্মসূচি এবং এখনো চালু আছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে হ্যারি কে টমাস বলেন, ঢাকা এখন ‘কৌশলগত বাস্তববাদ’ ও ‘বহুমুখী কূটনীতি’ অনুসরণ করছে এবং ‘পক্ষ-বিপক্ষ’ বয়ান থেকে সরে এসে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সাথে ‘কৌশলগত ভারসাম্য’ বজায় রেখে এগোতে চায়।