আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে। সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ দলটিকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে। সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।
প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন। বিরোধীদল এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে ধানাইফানাই করার পরই দেশে অস্থিরতা শুরু হয়েছিল। দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
অস্ট্রেলিয়া সফরকালে দেশটির সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন জামায়াতের আমির। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অস্ট্রেলিয়া সফর সফলভাবে শেষ করে মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন বিরোধীদলীয় নেতা। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।


