মেয়ের জীবনে একজন ভারতীয় যুবক রয়েছেন- এ কথা জানার পর ক্ষোভে টেবিলে মুষ্টাঘাত করলেন স্তেফানো মাইনো। এ নিয়ে আর কোনো কথা শুনতে রাজি নন তিনি। ইংরেজি শেখার জন্য মেয়েকে পাঠিয়েছিলেন কেমব্রিজে। সেখানে গিয়ে মেয়ে যে নিজের ভবিষ্যৎ নিয়েই অন্য রকম স্বপ্ন দেখতে শুরু করেছেন, তা এত দিন জানতেন না। এবার সিদ্ধান্ত জানিয়ে দিলেন, সোনিয়ার আর কেমব্রিজে ফেরা হবে না।
বাবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানো সহজ ছিল না সোনিয়ার জন্য। যে পরিবারে বেড়ে উঠেছেন, সেখানে বাবার কথার অবাধ্য হওয়ার সুযোগ ছিল সামান্য। অথচ ইংল্যান্ডের যে শহরে ফিরে যেতে নিষেধ করা হয়েছে তাকে, সেখানেই অপেক্ষা করছেন রাজীব গান্ধী। কয়েক মাসের পরিচয়ে যিনি হয়ে উঠেছেন তার জীবনের সবচেয়ে আপন মানুষদের একজন।
কয়েক দিন আড়ালে কাঁদলেন সোনিয়া। মায়ের কাছে আশ্রয় খুঁজলেন। কিন্তু স্বামীর রাগের মুখে মেয়ের হয়ে কথা বলার সাহস পাচ্ছিলেন না মা পাওলিনাও।
মাত্র কিছুদিন আগেই লন্ডনে রাজীবের মা ইন্দিরা গান্ধীর সাথে দেখা হয়েছে সোনিয়ার। যে সাক্ষাৎ নিয়ে এত ভয় ছিল, শেষ পর্যন্ত সেটিই হয়ে উঠেছিল এক মধুর অভিজ্ঞতা। অথচ নিজের বাড়িতে ফিরে ভালোবাসার কথা প্রকাশ করতেই তাকে মুখোমুখি হতে হলো সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার।
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিচারণমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ ’ (Belonging: A Journey of Love)-এ উঠে এসেছে জীবনের সেই টানাপোড়েনের দিনগুলো। বইটির ঘটনাপ্রবাহ অবলম্বনে বিশেষ ধারাবাহিকের তৃতীয় পর্বে থাকছে বাবার আপত্তি, রাজীবের সঙ্গে বিচ্ছেদ এবং কেমব্রিজে ফিরে যাওয়ার জন্য সোনিয়ার লড়াই।
একটি চিঠিতেই বদলে গেল পরিস্থিতি
১৯৬৫ সাল। ইংল্যান্ডে ভাষা শিক্ষার নির্ধারিত মেয়াদ শেষে ইতালির অরবাসানোতে পরিবারের কাছে ফিরে এসেছেন সোনিয়া। কিন্তু ছুটি শেষ হলেই আবার কেমব্রিজে যেতে চান তিনি। মেয়ের এই আগ্রহ বাবার চোখ এড়ায়নি। ইংরেজি শেখার জন্য বিদেশে যাওয়ার এত তাড়া কেন, তা নিয়ে সন্দেহ হচ্ছিল স্তেফানোর।
এর মধ্যেই এল কেমব্রিজের ভাষা বিদ্যালয়ের অধ্যক্ষের একটি চিঠি। সেখানে সোনিয়ার পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগ না থাকার কথা জানানো হয়।
স্তেফানোর কাছে বিষয়টি ছিল অপমানজনক। কঠোর পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি। মেয়েদের শিক্ষার ব্যাপারেও ছিলেন অত্যন্ত সচেতন। বিদেশে পাঠানোর পর মেয়ে পড়াশোনায় যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না- এমন অভিযোগ সহজভাবে নিতে পারেননি।
সোনিয়া নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ চেয়েছিলেন। কিন্তু বাবা কিছু শুনতে রাজি হলেন না। পরবর্তী মেয়াদে ইংল্যান্ডে ফেরার অনুমতি মিলবে না বলে জানিয়ে দিলেন।
অধ্যক্ষের চিঠি নিয়ে শুরু হওয়া পারিবারিক অশান্তি তখনো শেষ হয়নি। এর মধ্যেই স্তেফানো স্ত্রীর কাছ থেকে জানতে পারলেন, কেমব্রিজে এক ভারতীয় যুবকের সাথে মেয়ের সম্পর্ক গড়ে উঠেছে।
রাজীব গান্ধীর কথা এত দিন বাবার কাছ থেকে গোপন রেখেছিলেন সোনিয়া। যে আশঙ্কায় সম্পর্কের কথা বলতে পারেননি, এবার সেটিই সত্যি হলো। বাবার প্রবল ক্ষোভের মুখে আলোচনার পথও বন্ধ হয়ে গেল।
বাবার বাড়িতে বন্দি এক স্বপ্ন
স্তেফানো মাইনোর সাথে মেয়েদের সম্পর্কের মধ্যে স্নেহ যেমন ছিল, তেমনি ছিল শাসনের কঠোরতা। পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তিনিই নিতেন। সোনিয়াও সেই পরিবেশে বেড়ে উঠেছেন, যেখানে বাবাকে ভালোবাসা আর তার সিদ্ধান্ত মেনে চলা ছিল পারিবারিক জীবনের স্বাভাবিক অংশ।
কিন্তু এবার বাবার সিদ্ধান্ত মেনে নেওয়ার অর্থ রাজীবের কাছ থেকে দূরে থাকা।
সোনিয়ার বয়স তখনো ২১ হয়নি। সে সময় ইতালিতে প্রাপ্তবয়স্ক হওয়ার নির্ধারিত বয়স ছিল ২১ বছর। নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে আরও অপেক্ষা করতে হতো।
রাজীব নিয়মিত চিঠি লিখতেন। কেমব্রিজে একসাথে কাটানো দিনগুলোর পর সেই চিঠিই হয়ে উঠেছিল দূরত্বের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম।
কিন্তু চিঠিতে ভালোবাসার কথা জানানো যতটা সহজ, আবার দেখা করার পথ তৈরি করা ততটা সহজ ছিল না।
বাবার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছিলেন না সোনিয়া। মা পাওলিনা মেয়ের কষ্ট বুঝতে পারলেও স্বামীর ক্ষোভের মুখে মধ্যস্থতা করতে দ্বিধায় ছিলেন।
সোনিয়ার স্মৃতিচারণে সেই দিনগুলোর অসহায়ত্বের কথা উঠে এসেছে। পরিবারের কাছ থেকে দূরে থাকার কষ্ট তিনি আগেও অনুভব করেছেন। এবার অভিজ্ঞতাটি উল্টো। পরিবারের কাছেই রয়েছেন, অথচ মন পড়ে আছে বহু দূরের একটি শহরে।
বাবার আপত্তির আড়ালে ছিল মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
বাবার সেই আপত্তিকে বহু বছর পর অন্য আলোয় দেখেছেন সোনিয়া গান্ধী। সম্প্রতি ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এক কথোপকথনে ফিরে গেছেন জীবনের সেই দিনগুলোতে।
ভারতীয় সংবাদমাধ্যম লোকসত্তার প্রতিবেদনে উঠে এসেছে সেই স্মৃতিচারণ। সোনিয়ার বর্ণনা অনুযায়ী, রাজীবের সাথে তার বিয়ে নিয়ে বাবার আপত্তির অন্যতম কারণ ছিল মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।
সোনিয়া যাকে ভালোবেসেছিলেন, তার দেশ, সংস্কৃতি ও পারিবারিক পরিবেশ ছিল মাইনো পরিবারের চেনা জগতের বাইরে। রাজনীতির সাথেও তাদের পরিবারের কোনো ঘনিষ্ঠতা ছিল না। অথচ মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে যাচ্ছিল অন্য একটি দেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সাথে।
পরবর্তী সময়ে রাজীব ইতালিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলে স্তেফানোর সেই উদ্বেগ আরও স্পষ্ট হয়ে ওঠে।
সোনিয়ার এই স্মৃতিচারণ বাবার কঠোর সিদ্ধান্তের আড়ালে থাকা আরেকটি দিকও সামনে আনে। সেখানে শাসনের পাশাপাশি ছিল মেয়ের ভবিষ্যৎ নিয়ে একজন বাবার দুশ্চিন্তা।
তবে সে সময় স্তেফানোর সিদ্ধান্ত ছিল অনড়। মেয়ের পড়াশোনা চলবে, কিন্তু কেমব্রিজে নয়।
কেমব্রিজের বদলে লেনিনগ্রাদ
স্তেফানো মেয়ের পড়াশোনা বন্ধ করতে চাননি। তবে সেই পড়াশোনা আর ইংল্যান্ডে হোক, তা চাইছিলেন না।
বিকল্প হিসেবে সামনে এল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ, বর্তমান সেন্ট পিটার্সবার্গ।
রুশ ভাষার শিক্ষিকা লুদমিলার মাধ্যমে সেখানকার একটি ভাষাশিক্ষা প্রতিষ্ঠানে সোনিয়াকে পাঠানোর উদ্যোগ নিলেন স্তেফানো। রুশ ভাষার সাথে সোনিয়ার আগেই পরিচয় ছিল। ফলে শিক্ষার দিক থেকে পরিকল্পনাটি একেবারে অপরিচিত কোনো পথে যাত্রা নয়।
তবে এই সিদ্ধান্তের আরেকটি উদ্দেশ্যও ছিল- রাজীবের কাছ থেকে মেয়েকে দূরে রাখা।
ইংল্যান্ডের পরিবর্তে সোভিয়েত ইউনিয়নে চলে গেলে সোনিয়ার পড়াশোনা অব্যাহত থাকবে, কিন্তু রাজীবের সাথে নিয়মিত দেখা করার সুযোগ থাকবে না।
পরিবারে এ নিয়ে উত্তেজনা চলল প্রায় দুই সপ্তাহ। শেষ পর্যন্ত জানা গেল, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিতে কেবল উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে। ইতালির নাগরিক হওয়ায় সোনিয়া সেখানে ভর্তি হতে পারবেন না।
স্তেফানোর পরিকল্পনা আর এগোল না।
তবে লেনিনগ্রাদে যাওয়ার পথ বন্ধ হওয়া মানেই কেমব্রিজে ফেরার অনুমতি পাওয়া নয়। বাবার আপত্তি তখনো বহাল। তাকে রাজি করানোর জন্য এমন একজন মানুষের প্রয়োজন ছিল, যার কথায় মাইনো পরিবার আস্থা রাখতে পারে।
ভালোবাসার পক্ষে দাঁড়ালেন এক ইতালীয় নারী
সোনিয়া এবার সাহায্য চাইলেন কেমব্রিজে পরিচিত এক ইতালীয় নারীর কাছে। তার নাম পিচিনা নরিস। কেমব্রিজে সোনিয়ার বাড়িওয়ালি। জন্মসূত্রে তিনিও ইতালির ভেনেতো অঞ্চলের মানুষ, যে অঞ্চলের সাথে জড়িয়ে রয়েছে মাইনো পরিবারের শিকড়।
পিচিনা রাজীবকে চিনতেন। সোনিয়ার সাথে তার সম্পর্ক সম্পর্কেও জানতেন। ফলে সোনিয়ার কেমব্রিজে ফেরার আকাঙ্ক্ষার কারণ বুঝতে অসুবিধা হয়নি তার।
পাওলিনার সাথে যোগাযোগ করলেন পিচিনা। দুজনের আঞ্চলিক ভাষাও ছিল এক। মেয়ের নিরাপত্তা ও বিদেশে থাকার পরিবেশ নিয়ে একজন মায়ের যে উদ্বেগ থাকতে পারে, তা নিজের পরিচিত ভাষাতেই বুঝিয়ে বলার সুযোগ পেলেন তিনি।
সোনিয়ার কেমব্রিজে ফেরার প্রশ্নে এবার আলোচনার নতুন পথ তৈরি হলো।
শেষ পর্যন্ত স্তেফানো মেয়েকে ইংল্যান্ডে ফেরার অনুমতি দিলেন। তবে সেই অনুমতির সাথে থাকল কয়েকটি শর্ত।
পিচিনা সোনিয়ার কাছ থেকে থাকার ভাড়া নেবেন না। তার বিষয়ে নিয়মিত পাওলিনাকে খবর জানাবেন। বিনিময়ে পিচিনার মেয়ে অ্যানমারি ছুটিতে ইতালির অরবাসানোতে মাইনো পরিবারের অতিথি হিসেবে থাকতে পারবেন।
দুই পরিবারের এই সমঝোতার মধ্য দিয়ে আপাতত অচলাবস্থার অবসান হলো।
স্তেফানো রাজীবের সাথে মেয়ের সম্পর্ক মেনে নিয়েছেন, বিষয়টি এমন নয়। তবে পরিচিত একজন মানুষের তত্ত্বাবধানে মেয়েকে আবার ইংল্যান্ডে পাঠাতে সম্মত হয়েছেন।
সোনিয়ার জন্য তখন এটুকুই ছিল অনেক বড় প্রাপ্তি।
আঠারো ঘণ্টার যাত্রা শেষে ডোভারে
ইতালি ছেড়ে আবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা হলেন সোনিয়া। দীর্ঘ ১৮ ঘণ্টার ট্রেনযাত্রা শেষে পৌঁছালেন ডোভারে।
সেখানে তাকে নিতে এসেছিলেন পিচিনা নরিস। সাথে রাজীব গান্ধী।
সোনিয়ার এই প্রত্যাবর্তনের পেছনে ছিল কয়েক সপ্তাহের পারিবারিক অশান্তি, কান্না, অপেক্ষা আর অনিশ্চয়তা। একসময় মনে হয়েছিল, কেমব্রিজে আর ফেরাই হবে না। সেই আশঙ্কা পেরিয়ে অবশেষে আবার দেখা হলো রাজীবের সাথে।
কেমব্রিজে এবার সোনিয়ার ঠিকানা হলো ৫৫ টেনিসন রোড। ইংরেজি শেখার জন্য ভর্তি হলেন লেনক্স কুক বিদ্যালয়ে। ফ্রাঞ্চেসকো, রুথ ও মারিনেল্লার সাথে একই বাড়িতে থাকার ব্যবস্থা হলো।
নতুন বিদ্যালয়ের শিক্ষক মি. টার্নবুলের যত্নে ইংরেজি ভাষায়ও উন্নতি হতে থাকে তার। পড়াশোনার পাশাপাশি ফিরে পেলেন পরিচিত বন্ধুদের সঙ্গ।
আর ফিরে পেলেন রাজীবের সাথে সময় কাটানোর সুযোগ।
সপ্তাহান্তে দুজন লন্ডনের কিংস রোডে ঘুরতেন। দোকানে নতুন ফ্যাশন দেখতেন, গানের রেকর্ড কিনতেন। সিনেমা, সংগীত আর বন্ধুদের আড্ডায় আবারও মুখর হয়ে উঠল তাদের ছাত্রজীবন।
কেমব্রিজে প্রথমবার আসার পর যে শহরের ভাষা, খাবার ও জীবনযাত্রা নিয়ে এত অভিযোগ ছিল সোনিয়ার, সেই শহরেই ফিরে আসার জন্য এবার তাকে পরিবারের কঠোর সিদ্ধান্তের বিরুদ্ধে এতটা পথ পাড়ি দিতে হলো।
ফিরে পাওয়া ভালোবাসা, অমীমাংসিত ভবিষ্যৎ
কেমব্রিজে ফিরতে পারলেও সোনিয়ার জীবনের সবচেয়ে বড় প্রশ্নটির তখনো কোনো মীমাংসা হয়নি।
রাজীব তাকে বিয়ে করতে চান। ইন্দিরা গান্ধীও ছেলের পছন্দের তরুণীকে কাছ থেকে দেখেছেন। কিন্তু ইতালিতে স্তেফানো মাইনো এখনো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সম্মতি দেননি।
সোনিয়ার সামনে তখন দুটি দায়িত্ব। একদিকে পড়াশোনা, যার জন্য বাবা তাকে আবার বিদেশে পাঠিয়েছেন। অন্যদিকে রাজীবের সাথে সম্পর্ক, যা তিনি হারাতে চান না।
এই সময়টাতে তাদের ভালোবাসার পাশাপাশি পরস্পরের স্বভাব, অভ্যাস ও দুর্বলতাগুলোও আরও স্পষ্ট হয়ে উঠছিল।
রাজীব সাধারণত শান্ত ও সংযত স্বভাবের মানুষ ছিলেন। কিন্তু তিনিও রেগে যেতেন, অভিমান করতেন। আর সোনিয়াও সব সময় রাজীবের প্রত্যাশা অনুযায়ী চলতে পারতেন না।
কেমব্রিজের এক আনন্দঘন অনুষ্ঠানের রাতে তারই প্রকাশ ঘটবে। সামান্য দেরি থেকে শুরু হওয়া মনোমালিন্যে রাগের মাথায় আমন্ত্রণপত্র ছিঁড়ে ফেলবেন রাজীব।
পরিবারের বাধা পেরিয়ে যে দুজন আবার কাছাকাছি এসেছেন, এবার তাদের শিখতে হবে পরস্পরের সাথে মানিয়ে নেওয়ার পাঠও।


