একটি সন্ধ্যার জন্য কত আয়োজন। কেমব্রিজের ঐতিহ্যবাহী উৎসবে যোগ দেবেন দু’জন। অথচ শেষ মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেল। সোনিয়া তখনো তৈরি হতে পারেননি। অপেক্ষা করতে করতে একপর্যায়ে মেজাজ হারালেন রাজীব গান্ধী। রাগের মাথায় ছিঁড়ে ফেললেন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। এরপর বেরিয়ে গেলেন ঘর থেকে।
যে মেয়েটি তার কাছে ফিরে আসতে পরিবারের সাথে এতটা লড়াই করেছেন, সেই মেয়েটির সাথেই এবার রাজীবের প্রথম বড় ঝগড়া।
ভালোবাসার জন্য এতদিন তাদের লড়াই ছিল বাইরের পৃথিবীর সাথে। এবার নিজেদের মধ্যেই দেখা দিল মতের অমিল। তবে ছেঁড়া আমন্ত্রণপত্রে শেষ হয়ে যায়নি সেই সন্ধ্যার গল্প। বরং রাতটি তাদের সম্পর্কের ইতিহাসে হয়ে রইল এক স্মরণীয় অধ্যায়।
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তার স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love)- এ তুলে ধরেছেন প্রেমের শুরুর দিনগুলোর এমনই কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা। সেখানে রাজীব গান্ধী কোনো রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী নন; বরং প্রেমে পড়া এক তরুণ, যার মধ্যেও ছিল রাগ, অভিমান ও ভুল স্বীকার করার সহজাত মানবিকতা।
বইটি অবলম্বনে বিশেষ ধারাবাহিকের চতুর্থ পর্বে থাকছে কেমব্রিজে রাজীব-সোনিয়ার প্রেমের সেই দিনগুলোর গল্প।
কেমব্রিজে ফিরে পাওয়া পৃথিবী
ইতালিতে বাবার আপত্তি, কেমব্রিজে ফেরার অনিশ্চয়তা আর দীর্ঘ অপেক্ষা- সবকিছু পেছনে ফেলে অবশেষে ইংল্যান্ডে ফিরেছিলেন সোনিয়া। ডোভারে তাকে নিতে এসেছিলেন রাজীব ও কেমব্রিজের বাড়িওয়ালি পিচিনা নরিস।
কেমব্রিজের ৫৫ টেনিসন রোডে শুরু হলো সোনিয়ার জীবনের নতুন অধ্যায়। ফ্রাঞ্চেসকো, রুথ ও মারিনেল্লার সাথে একই বাড়িতে থাকতেন তিনি। ভর্তি হলেন লেনক্স কুক ভাষা বিদ্যালয়ে।
আগের বার ইংল্যান্ডে এসে ভাষা নিয়ে বেশ ভুগতে হয়েছিল সোনিয়াকে। এবার সেই অভিজ্ঞতা বদলে যেতে শুরু করল। নতুন বিদ্যালয়ের শিক্ষক মি. টার্নবুলের আন্তরিক সহযোগিতায় ইংরেজিতে তার দক্ষতা বাড়তে থাকল।
বিদ্যালয়ের আয়োজনে লন্ডনে যাওয়ার সুযোগও পেতেন তিনি। সংগীতের জগতে খ্যাতিমান স্প্যানিশ গিটারবাদক আন্দ্রেস সেগোভিয়ার পরিবেশনা এবং জনপ্রিয় সংগীতনির্ভর নাটক ‘মাই ফেয়ার লেডি’ উপভোগ করার অভিজ্ঞতা হয়েছিল তার।
ইংল্যান্ডের যে জীবন একসময় ভাষা, আবহাওয়া আর অপরিচিত খাবারের কারণে দুর্বিষহ মনে হয়েছিল, সেই জীবনেই এখন আনন্দের নতুন নতুন উপলক্ষ খুঁজে পাচ্ছিলেন সোনিয়া। আর সেই আনন্দের বড় একটি অংশজুড়ে ছিলেন রাজীব।
লন্ডনের পথে, সংগীতের সুরে
সপ্তাহান্তের দিনগুলো ছিল অন্য রকম। রাজীবের সাথে লন্ডনে ঘুরতে যেতেন সোনিয়া। কিংস রোড ধরে হাঁটতেন দু’জন। দেখতেন সে সময়ের নতুন নতুন ফ্যাশন, কিনতেন গানের রেকর্ড।
ষাটের দশকের লন্ডন তখন সংস্কৃতি ও জীবনযাত্রার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পোশাক, সংগীত, চলচ্চিত্র- সবখানেই তরুণ প্রজন্মের নতুন রুচির প্রকাশ ঘটছিল। সেই পরিবর্তনশীল শহরের পথ ধরে নিজেদের মতো করে সময় কাটাতেন রাজীব ও সোনিয়া।
তবে দু’জনের স্বভাবে সবকিছুতেই মিল ছিল না। নাচের ব্যাপারে রাজীব ছিলেন বেশ লাজুক। আনন্দঘন পরিবেশেও তার স্বভাবের সেই সংকোচ সহজে কাটত না।
পরিচয়ের প্রথম দিন থেকেই রাজীবের শান্ত স্বভাব সোনিয়ার নজর কেড়েছিল। কিন্তু শান্ত স্বভাবের সেই তরুণেরও যে মেজাজ হারানোর মতো মুহূর্ত আসতে পারে, তা সোনিয়া বুঝতে পারলেন কেমব্রিজের এক বিশেষ রাতে।
যে সন্ধ্যায় মেজাজ হারালেন রাজীব
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ‘মে বল’ বিশেষ এক আয়োজন। শিক্ষাবর্ষের শেষ দিকে বিভিন্ন কলেজে অনুষ্ঠিত এই উৎসব ঘিরে থাকে সংগীত, নাচ ও রাতভর আনন্দের আয়োজন। নামের সাথে মে মাসের সম্পর্ক থাকলেও সাধারণত জুনেই অনুষ্ঠিত হয় এই উৎসব।
রাজীব ও সোনিয়ারও পরিকল্পনা ছিল অনুষ্ঠানে যোগ দেওয়ার। কিন্তু বিপত্তি বাধল বের হওয়ার ঠিক আগে।
সোনিয়া সময়মতো তৈরি হতে পারেননি। তার প্রস্তুতি শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন রাজীব। কিন্তু সেই অপেক্ষা একপর্যায়ে রূপ নিল বিরক্তিতে।
শেষ পর্যন্ত রাগ সামলাতে পারলেন না রাজীব। অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছিঁড়ে বেরিয়ে গেলেন।
সোনিয়ার স্মৃতিচারণে এটিই তাদের সম্পর্কের প্রথম বড় ঝগড়া।
ঘটনার সূত্রপাত খুব সাধারণ একটি বিষয় থেকে- সময়মতো তৈরি হতে না পারা। অথচ সেই সামান্য বিষয়ই মুহূর্তের মধ্যে বদলে দিয়েছিল দু’জনের বহু প্রতীক্ষিত একটি সন্ধ্যা।
তখন পর্যন্ত তাদের প্রেমের গল্পে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সোনিয়ার বাবা। কেমব্রিজে ফেরার মধ্য দিয়ে সেই বাধা অনেকটাই কাটিয়ে উঠেছিলেন তারা। এবার সামনে এলো সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা- ভালোবাসার পাশাপাশি পরস্পরের স্বভাব ও অভ্যাসের সাথেও মানিয়ে নিতে হবে।
ফিরে এলেন রাজীব, জোড়া লাগল ছেঁড়া আমন্ত্রণপত্র
রাগ করে বেরিয়ে গেলেও দূরে থাকতে পারলেন না রাজীব। পরে ফিরে এলেন তিনি। স্বীকার করলেন, যা ঘটেছে, তাতে দু’জনেরই ভুল ছিল।
কিন্তু তখন সামনে আরেকটি সমস্যা। যে অনুষ্ঠানে যাওয়ার জন্য এত আয়োজন, তার আমন্ত্রণপত্রই তো ছিঁড়ে ফেলেছেন রাজীব।
এবার এগিয়ে এলেন বন্ধুরা। ছেঁড়া আমন্ত্রণপত্রের টুকরোগুলো টেপ দিয়ে জোড়া লাগানো হলো। সেই জোড়াতালি দেওয়া আমন্ত্রণপত্র নিয়েই ট্রিনিটি কলেজের প্রবেশদ্বারে হাজির হলেন রাজীব ও সোনিয়া।
সেখানে দায়িত্বরত কর্মীর কাছে পরিস্থিতি ব্যাখ্যা করা হলো। সব শুনে তিনি দুজনকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন।
শেষ পর্যন্ত যে সন্ধ্যা শুরু হয়েছিল রাগ আর অভিমান দিয়ে, সেই সন্ধ্যাই বদলে গেল আনন্দের এক দীর্ঘ রাতে।
সারা রাত উৎসবে কাটালেন রাজীব ও সোনিয়া। কিছুক্ষণ আগেও যে আমন্ত্রণপত্রের ছেঁড়া টুকরোগুলো পড়ে ছিল, বন্ধুদের সহযোগিতায় সেই আমন্ত্রণপত্রই তাদের পৌঁছে দিল কেমব্রিজের উৎসবের ভেতর।
ঘটনাটি বহু বছর পরও মনে রেখেছিলেন সোনিয়া। তার স্মৃতিচারণ অনুযায়ী, সেদিনের অভিজ্ঞতা থেকে সময়ানুবর্তিতার যে শিক্ষা পেয়েছিলেন, তা পরবর্তী জীবনেও ধরে রেখেছেন তিনি।
ভালোবাসার বাইরেও একে অন্যকে চেনা
রাজীবের সাথে সোনিয়ার সম্পর্কের এই অধ্যায়টির বিশেষত্ব এর সাধারণত্বে। এখানে নেই কোনো রাজনৈতিক সংকট, পারিবারিক ষড়যন্ত্র কিংবা ক্ষমতাশালী মানুষের উপস্থিতি। আছে দুটি তরুণ মানুষের দৈনন্দিন জীবনের একটি ঘটনা। একজন সময়মতো তৈরি হতে পারেননি, অন্যজন রাগের মাথায় এমন একটি কাজ করে বসেছেন, যা পরে দু’জনের আনন্দের পথেই বাধা হয়ে দাঁড়িয়েছিল।
তবে রাজীবের ফিরে আসা এবং দু’জনের ভুল স্বীকার করার মধ্য দিয়েই ঘটনাটির অন্য একটি দিক সামনে আসে।
কেমব্রিজে প্রথম পরিচয়ের সময় পরস্পরের প্রতি যে আকর্ষণ অনুভব করেছিলেন তারা, সম্পর্ক যত গভীর হচ্ছিল, ততই পরিচিত হচ্ছিলেন একে অন্যের স্বভাবের সাথে। পছন্দের পাশাপাশি অপছন্দ, আনন্দের পাশাপাশি বিরক্তি- সবকিছু নিয়েই গড়ে উঠছিল তাদের সম্পর্ক।
বহু বছর পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গান্ধীকে দেখেছে পৃথিবী। তার মৃত্যুর পর সোনিয়া গান্ধীকেও দেখা গেছে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকায়।
কিন্তু কেমব্রিজের সেই রাতের রাজীব ও সোনিয়া ছিলেন এসব পরিচয়ের বাইরে। তারা ছিলেন প্রেমে পড়া দু’জন তরুণ-তরুণী, যাদের সম্পর্কেও ঝগড়া হতো, অভিমান জমত, আবার সেই অভিমান ভেঙে একসাথে পথ চলাও হতো।
সামনে অপেক্ষা করছিল আরও বড় পরিবর্তন
কেমব্রিজের আনন্দময় দিনগুলো অবশ্য দীর্ঘস্থায়ী হওয়ার ছিল না। ভারতে তখন রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছিল। ১৯৬৬ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। মায়ের জীবনে রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্ব এসে পড়ায় নিজের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে শুরু করলেন রাজীব।
প্রকৌশলবিদ্যার পড়াশোনা, ইংল্যান্ডের জীবন এবং সোনিয়ার সাথে কাটানো দিনগুলোর বাইরে এবার তাকে ভাবতে হচ্ছিল ভারতে ফেরার কথা।
সোনিয়ার সামনেও অপেক্ষা করছিল অনিশ্চয়তা। পরিবারের কাছ থেকে কেমব্রিজে ফেরার অনুমতি আদায় করা আর রাজীবকে বিয়ে করার অনুমতি পাওয়া এক বিষয় নয়। বাবার সম্মতি তখনো অধরা।
ভালোবাসার মানুষটির সাথে ভবিষ্যৎ গড়তে হলে এবার রাজীবকেই এগিয়ে আসতে হবে। যেতে হবে ইতালিতে, মুখোমুখি হতে হবে সেই কঠোর মানুষটির, যিনি একসময় মেয়ের কেমব্রিজে ফেরার পথ বন্ধ করে দিয়েছিলেন।
কেমব্রিজের ছেঁড়া আমন্ত্রণপত্র জোড়া লাগানো গিয়েছিল সহজেই। কিন্তু সামনে যে দূরত্ব তৈরি হতে চলেছে, তা পেরিয়ে আসতে প্রয়োজন হবে আরও অনেক ধৈর্য, অপেক্ষা আর প্রতিশ্রুতি।
গ্রন্থনা: যোবায়ের আহমদ


