ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের আগের ও পরের গাজার স্যাটেলাইট ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিখ্যাত আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
তিনি লিখেছেন, আপনারা এখন গুগল আর্থ খুলে দেখতে পারেন যে গাজার ওপর কী করা হয়েছে। খবর আল জাজিরার।
রবিবার (৪ অক্টোবর) ইনস্টাগ্রামে দেওয়া একটি দীর্ঘ পোস্টে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করে জোলি বলেন, পুরো এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং বেঁচে থাকার জন্য সাধারণ মানুষের যে ধরনের অবকাঠামোর প্রয়োজন হয় তা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
তিনি উল্লেখ করেন যে, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে, অথচ ত্রাণ ও আশ্রয়ের উপকরণগুলো এখনো বাধা ও বিলম্বের মুখে পড়ছে।
জোলি লিখেছেন, গুগল আর্থ এই শারীরিক ধ্বংসযজ্ঞ অত্যন্ত স্পষ্টতার সাথে ফুটিয়ে তুলছে। শীতের আগে মানুষের আশ্রয়ের প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে মানবিক সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার। হাসপাতালগুলোর জন্য চিকিৎসাসামগ্রী প্রয়োজন।


