...|...|...

বিশ্ব

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৭
Shares
কলকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে। ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনায় কলকাতাভিত্তিক প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সাথে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হবে। সরকার ওই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন গত ১৭ নভেম্বর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কলকাতা ও দার্জিলিং জেলার শিলিগুড়িতে থাকা ভিসা আবেদন কেন্দ্র দুটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের ৩০ নভেম্বরের পর ওই দুই কেন্দ্রে ভিসার আবেদন জমা না দিতে বলা হয়েছে।

তবে নতুন ভিসা আবেদন কেন্দ্র কোথায় হবে এবং কোন প্রতিষ্ঠান সেগুলো পরিচালনা করবে, তা শিগগিরই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও উপহাইকমিশন জানিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা করা ভারতীয়সহ অন্যান্য দেশের নাগরিকদের ভিসা আবেদনে সাময়িক জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে যারা এত দিন কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র দুটির ওপর নির্ভর করতেন, তাদের নতুন নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করা হচ্ছে—এমন কোনো কথা বলা হয়নি। অর্থাৎ ভিসা ইস্যুর সামগ্রিক কার্যক্রম বন্ধ হচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, কলকাতা ও শিলিগুড়ির এই কেন্দ্র দুটি থেকে বাংলাদেশের ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ করা হতো। পারিবারিক, ঐতিহাসিক ও ব্যক্তিগত নানা কারণে বহু ভারতীয় নাগরিক বাংলাদেশে ভ্রমণ করেন।

শিলিগুড়ির সেভক রোডের ভিসা আবেদন কেন্দ্রটি ২০২২ সালে চালু হয়। আর কলকাতার সল্টলেকের কেন্দ্রটি কার্যক্রম শুরু করে ২০২১ সালে।

নতুন কেন্দ্র ও আবেদন জমা দেওয়ার পরবর্তী পদ্ধতি জানতে আবেদনকারীদের কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।