সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রবিবার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য ছিল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ। তবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সেটি শনাক্ত করে প্রতিহত করা হয়।
এর আগে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি করে। বিশেষ করে দাম্মাম শহর এবং আল-আহসা ও আবকাইক গভর্নরেটের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
জরুরি বার্তায় স্থানীয় জনগণকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
তবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার ঘটনায় কোনো প্রাণহানি, আহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।


