...|...|...

বিশ্ব

সুদানে বিদ্রোহীদের হামলায় শিশুসহ নিহত ২৭

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১১:৩০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮
Shares
সুদানে বিদ্রোহীদের হামলায় শিশুসহ নিহত ২৭

ছবি: সংগৃহীত

সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর সাথে জোটবদ্ধ একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৪ শিশুসহ ২৭ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ কর্দোফান প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি মেডিকেল সংস্থা। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে ‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’ জানিয়েছে, দক্ষিণ কর্দোফানের ওতোরো উপজাতি অধ্যুষিত এলাকা কার্দুদ এবং আবু হামামায় সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

সংস্থাটি জানায়, এই হামলার কারণে সাধারণ নাগরিকদের মধ্যে আবু হিতান এলাকা এবং কাদুগলির দিকে বড় ধরনের বাস্তুচ্যুতির ঘটনা তৈরি হয়েছে।

গোষ্ঠীটি আরও সতর্ক করে বলেছে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া অব্যাহত এই লঙ্ঘনগুলো দক্ষিণ কর্দোফানের সংঘাতকে একটি বৃহত্তর জাতিগত সংঘাতে রূপ দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ কর্দোফানের নুবা পাহাড়ের সংখ্যালঘু গোষ্ঠী ওতোরো উপজাতি এবং এসপিএলএম-এন-এর সাথে সম্পৃক্ত বাহিনীর মধ্যে চলতি বছরের প্রথম দিকে তীব্র লড়াইয়ের পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। মূলত জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে সূত্রপাত হওয়া এই জাতিগত বিরোধ সুদানের চলমান গৃহযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানি সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে এই গৃহযুদ্ধ শুরু হয়েছিল।

উল্লেখ্য, সুদানের এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫৯,০০০ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দেশটির জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ বা ৩ কোটি ৩৭ লাখ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে।