ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। হামলায় বিমানবন্দর দুটির অবকাঠামো ও বিভিন্ন সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, মঙ্গলবার ও বুধবার পৃথক সময়ে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়।
জিএসিএর তথ্য অনুযায়ী, আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ২৮ জন আহত হন। আহতদের মধ্যে সৌদি আরবের দুই নাগরিক ছাড়াও বাংলাদেশ ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।
হামলার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বিমানবন্দর দুটির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং যাত্রী ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এদিকে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। আর আবহা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক তৎপরতা ও পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যেই সৌদির গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দরে নতুন এই হামলার ঘটনা ঘটল।
সূত্র: আনাদোলু


