ইউক্রেনজুড়ে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের আঁধারে চালানো এই ডেসপারেট বা পাইকারি হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাতের এই আকস্মিক হামলায় রাশিয়া মোট ১৩০টি ড্রোন, ৪৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অনির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এর মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী একা ১৬১টি লক্ষ্যবস্তু সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিয়েভ, মধ্যাঞ্চলের পোলতাভা, দক্ষিণ-পূর্বাঞ্চলের ডিনিপ্রোপেট্রোভস্ক এবং উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ ছিল রুশ বাহিনীর এই হামলার মূল লক্ষ্যবস্তু।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ২০২২ সালে মস্কো যুদ্ধ শুরুর পর থেকে এটি অন্যতম বৃহত্তম আক্রমণ, যেখানে রাশিয়া ৭০টির মতো ক্ষেপণাস্ত্র ও প্রচুর ড্রোন ব্যবহার করেছে। তিনি বলেন, আমাদের জ্বালানি অবকাঠামো ছিল এই হামলার অন্যতম প্রধান লক্ষ্য। রুশরা বেশ বেদনাদায়ক ও প্রদর্শনমূলকভাবে আঘাত হানতে চেয়েছিল।
ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্যমতে, এই বিমান হামলায় আবাসিক ভবন, শিল্পকারখানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


