...|...|...

বিশ্ব

৭ অক্টোবর ঘিরে ৩৭ দেশে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের পরিকল্পনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩৩
Shares
৭ অক্টোবর ঘিরে ৩৭ দেশে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের পরিকল্পনা

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার তৃতীয় বার্ষিকী ঘিরে বিশ্বের ৩৭টি দেশে ২৬২টি ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ৭৫টি ৭ অক্টোবর এবং আরও ১২১টি ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিকল্পিত কর্মসূচি চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় ইহুদিবিদ্বেষবিরোধী কেন্দ্র জে-এসওসির তথ্যের বরাতে এ হিসাব প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিকল্পিত ২৬২টি কর্মসূচির মধ্যে ২১টিকে উচ্চঝুঁকিপূর্ণ এবং ৬৬টিকে মাঝারি ঝুঁকির হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৪৫টি বিক্ষোভ ইসরায়েলি দূতাবাস, কনস্যুলেট বা দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১০টিকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

পরিকল্পিত বিক্ষোভের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সেখানে ৪৫টি বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। এরপর স্পেনে ৪০টি, অস্ট্রেলিয়ায় ২১টি, যুক্তরাজ্যে ১৯টি এবং ইতালিতে ১৬টি কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া জার্মানি ও কানাডায় ১৪টি করে, ফ্রান্সে ১০টি এবং নেদারল্যান্ডসে আটটি কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

কানাডায় উচ্চঝুঁকির বিক্ষোভের সংখ্যা সবচেয়ে বেশি। মন্ট্রিয়ল, টরন্টো ও অটোয়ায় চারটি উচ্চঝুঁকির কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া ও গ্রিসে দুটি করে এমন কর্মসূচির তথ্য পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার সিউল, কলম্বিয়ার বোগোতা, মেক্সিকো সিটি ও থাইল্যান্ডের ব্যাংককে ইসরায়েলি কূটনৈতিক স্থাপনার বাইরে উচ্চঝুঁকির বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া নেদারল্যান্ডসের আমস্টারডামের ড্যাম স্কয়ার, ফিনল্যান্ডের হেলসিঙ্কির রাউতিয়েনতোরি এবং কানাডার অটোয়ার পার্লামেন্ট হিলেও উচ্চঝুঁকির কর্মসূচির কথা জানানো হয়েছে।

মিলান, রোম, প্যারিস, লন্ডন ও বার্লিনেও বড় আকারের বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশি নজরদারি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে, মালয়েশিয়া, ইকুয়েডর, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশেও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, গত তিন বছরে বিশ্বের বিভিন্ন শহরে ইসরায়েলবিরোধী ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভের পাশাপাশি ইহুদিবিদ্বেষী ঘটনার সংখ্যাও বেড়েছে। এসব কর্মসূচিকে ঘিরে ইসরায়েলি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলেও জানিয়েছে তারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল