...|...|...

প্রবাস

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ২৪ বাংলাদেশিসহ আটক ১৭৭

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:১২ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৪
Shares
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ২৪ বাংলাদেশিসহ আটক ১৭৭

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ২৪ বাংলাদেশিসহ আটক ১৭৭। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যের গেলাং পাতাহ এলাকায় দুটি কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিবাসন অপরাধে ২৪ বাংলাদেশিসহ ১৭৭ বিদেশি নাগরিককে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) জোহর ও সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংস্থার (এপিকেএস) যৌথ উদ্যোগে ‘অপস মাহির’ নামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি ইলেকট্রনিক কারখানা ও একটি ধাতব প্রকৌশল কারখানায় তল্লাশি চালানো হয়। গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এসব কারখানাকে অভিযানের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

অভিযান চলাকালে কয়েকজন বিদেশি কর্তৃপক্ষের তল্লাশি এড়িয়ে পালানোর চেষ্টা করেন। তবে ইমিগ্রেশন কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপে তাদের আটক করা হয়।

আটক ১৭৭ বিদেশির মধ্যে ৩৪ জন মিয়ানমারের পুরুষ, ২৪ জন বাংলাদেশের পুরুষ, ৪ জন ভারতের পুরুষ, ১০৬ জন মিয়ানমারের নারী এবং ৯ জন নেপালের নারী রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৩৮ বছরের মধ্যে। এ ছাড়া কারখানার মানবসম্পদ বিভাগের তিনজন স্থানীয় কর্মকর্তাকেও আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী পদক্ষেপের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

জোহর ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, বৈধ কাগজপত্র ও কর্মসংস্থানের অনুমতিপত্র ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া মালিক ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।