পোল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় ওস্ত্রোলেঙ্কা শহরের একটি স্কুলে ছুরি হামলায় পাঁচ শিশুসহ অন্তত দশজন আহত হয়েছেন। আজ বুধবার (৭ অক্টোবর) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আদ্রিয়ান স্তুপস্কি জানান, আহত সবাইকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলায় জড়িত ১৯ বছর বয়সী এক তরুণ হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে গ্রেফতার করেছে। পোলিশ প্রেস এজেন্সিকে পুলিশের মুখপাত্র মারচিন সাভিৎসকি জানান, আটকের সময় হামলাকারী নিজেও কিছুটা আহত হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং হামলার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে আহতদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।


