...|...|...

সারাদেশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:০০
Shares
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে ভুঁইয়া পরিবহনের বাসটিতে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা হয়েছিল। বাসটির মালিক আবু জাফর ওই এলাকার বাসিন্দা।

শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে খবর পাই, গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি, বাসটিতে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতা এবং আমাদের দুটি টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসের মালিকের বাড়ি এখানেই। এখানে এসে দেখতে পেলাম বাসে আগুন জ্বলছে। এখন কে বা কারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।