সন্তানরা বড় হয়ে নিজেদের মতো করে জীবন গড়ে তুলছে। আর এই সময়ে তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে পাশে থাকার পথ বেছে নিয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।
সম্প্রতি ফরাসি সাময়িকী এল অফিসিয়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান লালন-পালন নিয়ে নিজের ভাবনার কথা জানান ম্যালেফিসেন্ট তারকা।
জোলি বলেন, ‘একজন অভিভাবকের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কখন সন্তানকে নিজের পথে চলার সুযোগ দিতে হবে, তা বুঝতে পারা।’
তিনি বলেন, বাবা-মা সন্তানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন, কিন্তু তাদের নিজস্ব স্বপ্ন ও সিদ্ধান্তের পথে বাধা হওয়া উচিত নয়।
অভিনেত্রী জানান, তার ছয় সন্তান এখন নিজেদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী জীবন গড়ে তুলছে। তাদের এভাবে এগিয়ে যেতে দেখে তিনি গর্বিত। একই সঙ্গে সন্তানরাও মায়ের কাজ ও স্বপ্নকে সমর্থন করছে।
জোলি আরও জানান, সন্তানদের যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তিনি পুরোপুরি একজন মা হিসেবে তাদের পাশে ছিলেন। এখন সন্তানরা চান, তিনি নিজের জীবনও উপভোগ করুন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করুন।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জোলি বলেন, আরও ভ্রমণ করতে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যুক্ত হতে এবং মাঠপর্যায়ে কাজ করতে চান তিনি। মোটরসাইকেল চালানো এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী।

