...|...|...

সারাদেশ

শ্রীমঙ্গলে মাছের জালে আটকা অজগর অক্ষত উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৬
Shares
শ্রীমঙ্গলে মাছের জালে আটকা অজগর অক্ষত উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের বিলে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরতে জাল ফেলেন স্থানীয় জেলে রুমন মিয়া। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান, একটি অজগর সাপ জালে পেঁচিয়ে আটকা পড়েছে।

পরে তিনি বিষয়টি স্থানীয় সাবেক মেম্বার তাহের আলী সব্দরকে জানান। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান।

এ সময় সাবেক মেম্বার তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মাছ ধরার জাল কেটে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপটি সুস্থ রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে উপযুক্ত বনে অজগরটি অবমুক্ত করা হবে।