সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার জেরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় দেশটিতে আটকে পড়া প্রায় চার হাজার ভারতীয় ওমরাহ যাত্রীকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে ট্যুর অপারেটর ও বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসির একটি বার্তার পর এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
শুক্রবার (২৩ অক্টোবর) ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, আসাদউদ্দিন ওয়াইসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ভারত থেকে যাওয়া চার হাজার তীর্থযাত্রী বর্তমানে মক্কা ও মদিনায় আটকা পড়েছেন। ইন্ডিগো, আকাশা এয়ার এবং এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তারা সেখানে গেলেও এসব বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করায় তারা এখন চরম বিপাকে পড়েছেন।
তীর্থযাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বড় আকারের বিমান পরিচালনার জন্য ডিসিজিএ-র প্রতি আহ্বান জানান অথবা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ করেন এই সাংসদ।
এর কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত কনস্যুলেট ক্ষতিগ্রস্ত তীর্থযাত্রীদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। গত এক সপ্তাহে উপলব্ধ ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩,০০০ আটকে পড়া ওমরাহ যাত্রী ভারতে ফিরেছেন বলে জানানো হয়। এছাড়া নির্ধারিত নিয়মিত ফ্লাইটের মাধ্যমে আরও ১০,০০০-এর বেশি ওমরাহ যাত্রী ইতোমধ্যে দেশে ফিরেছেন।
সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষের হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর থেকেই ফ্লাইটগুলোর সময়সূচিতে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।


