...|...|...

সারাদেশ

মৌলভীবাজারে মাছ ধরার জালে আটকা অজগর অক্ষত উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০১
Shares
মৌলভীবাজারে মাছ ধরার জালে আটকা অজগর অক্ষত উদ্ধার

মৌলভীবাজারে মাছ ধরার জালে আটকা অজগর অক্ষত উদ্ধার। ছবি: টাইমস টুডে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকে যাওয়া একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে শ্রীমঙ্গলের হাইল হাওরের রউয়া বিলে ঘটনাটি ঘটে। রাতের বেলায় মাছ ধরার জালে অজগরটি আটকে যায়।

বিষয়টি স্থানীয় বাসিন্দা সাইদুল হক বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানান, আর কিছুক্ষণ জালে আটকে থাকলে সাপটি মারা যেতে পারতো।

এ সময় উদ্ধার কাজে সার্বিক সহযোগিতা করেন রাজু মিয়া, পিতা রাজা মিয়া। তিনি নৌকা চালিয়ে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে নিয়ে যান। তার প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। পরে উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কোথাও কোনো পশুপাখি আটকা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সাথে সাথে নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ রইলো।