...|...|...

সারাদেশ

বিল না পেয়ে জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩০
Shares
বিল না পেয়ে জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার

বকেয়া বিল পরিশোধ না করায় মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার।

অভিযুক্ত তোফায়েল আহমেদ তোয়েল মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সদর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জেলা পরিষদের ঠিকাদার।

জিডি নং ১৩২ সূত্রে জানা গেছে, তোয়েল গত ১৯ বছর ধরে জেলা পরিষদের ঠিকাদারি করেন। সম্প্রতি মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির ভবন নির্মাণ প্রকল্পের স্থানীয় সরকার বিভাগের অনুমোদনবিহীন রিকাস্ট অংশের বিলের জন্য তিনি প্রধান নির্বাহী কর্মকর্তাকে চাপ দিয়ে আসছিলেন। ৫ আগস্টের পূর্বের বকেয়া ওই বিলের ফাইল প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও তিনি কার্যালয়ে এসে অসৌজন্যমূলক আচরণ করেন।

জিডিতে উল্লেখ করা হয়, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জেলা পরিষদ কার্যালয়ের নিচতলায় দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে বলেন, জেলা পরিষদকে বোমা মেরে উড়িয়ে দেব। এর আগে গত ২ জুলাই দুপুরে কর্মচারীদের সামনে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। পাশাপাশি গত ১ অক্টোবর অনুসারী ঠিকাদারদের নিয়ে মানববন্ধন করে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগও আনা হয়েছে।

বর্তমানে দুই সন্তান নিয়ে সরকারি বাংলোতে বসবাস করা প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এ ঘটনার পর তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে অভিযোগ অস্বীকার করে তোফায়েল আহমেদ তোয়েল বলেন, আমি এ ধরনের কোনো কথা বলিনি। জেলা পরিষদের অন্য কর্মচারীদের কাছে খোঁজ নিলেই সত্যিটা জানা যাবে। জিডির বিষয় নিয়ে আমরা সকল ঠিকাদাররা একসাথে বসে পরবর্তী করণীয় ঠিক করব।

এ ঘটনায় জেলা পরিষদ ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।