ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না-এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের মুখপাত্র জানিয়েছেন, প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়। একইসাথে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে তার এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয় বলে উল্লেখ করেছেন জয়সওয়াল।
রাশেদ খাঁন আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ভারতের বক্তব্য বিশ্লেষণ করে রাশেদ খাঁন দাবি করেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জয়সওয়ালের প্রশ্নোত্তর শুনে স্পষ্ট হয়েছে, ভারত কখনোই তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য ফেরত পাঠাবে না। তার ভাষ্য, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছেন না, ভারতের মুখপাত্র মোটামুটি স্পষ্ট করে তা জানিয়ে দিয়েছেন।
এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের জবাব দেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়টি এবং বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধ দুটি পৃথক বিষয়। প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে সেটিকে প্রত্যর্পণের প্রক্রিয়ার সাথে এক করে দেখার সুযোগ নেই।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ জানানো হয়েছে, সেটি ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান জয়সওয়াল।
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আওয়ামী লীগের নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শন এবং এ বিষয়ে ভারতের কোনো ভূমিকা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার।
তবে ভারতের মুখপাত্রের বক্তব্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না-এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। বরং বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ বিবেচনাধীন রয়েছে বলে স্পষ্ট করেছেন তিনি।


