...|...|...

খেলা

রোনালদোর জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন পর্তুগাল কোচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৭
Shares
রোনালদোর জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন পর্তুগাল কোচ

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল জাতীয় দলের দরজা এখনো খোলা বলে জানিয়েছেন কোচ জর্জ জেসুস। তবে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত রোনালদোকেই নিতে হবে বলে স্পষ্ট করেছেন তিনি। নরওয়ের বিপক্ষে ম্যাচে পুরো সময় বেঞ্চে থাকার পর ডেনমার্কের বিপক্ষেও একাদশে থাকবেন না জানতে পেরে ক্যাম্প ছেড়েছিলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রবিবার (৪ অক্টোবর) নরওয়েকে ২–১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। ম্যাচ শেষে রোনালদোর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার প্রসঙ্গে কথা বলেন জেসুস। আল নাসরে রোনালদোর সাথে এক বছর কাজ করা এই কোচ বলেন, ‘সে চাইলে জাতীয় দলে ফিরবে। পরেরবার দল ঘোষণার আগে আমরা কথা বলতে পারি। তবে সিদ্ধান্তটা ক্রিসকেই নিতে হবে।’

পর্তুগালের পরবর্তী আন্তর্জাতিক সূচি নভেম্বরে। ওই সময় ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে দলটি। সেই সময় রোনালদো জাতীয় দলে ফিরবেন কি না, সেটি এখন নির্ভর করছে তার নিজের সিদ্ধান্তের ওপর।

রোনালদোর জাতীয় দলের ক্যারিয়ার কীভাবে শেষ হবে, সেই সিদ্ধান্তও তার হাতেই থাকা উচিত বলে মনে করেন জেসুস। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর জাতীয় দলের সময়টা সে যেভাবে চায়, সেভাবেই শেষ করা উচিত। সে কীভাবে শেষ করতে চায়, সেই সিদ্ধান্তও তার।’

জাতীয় দলের জন্য রোনালদোর গুরুত্বও তুলে ধরেছেন পর্তুগিজ কোচ। জেসুস বলেন, ‘প্রথমবার দল ঘোষণার সময় আমি বলেছিলাম, “আমার তোমাকে দরকার, আমার তোমাকে দরকার। তুমি খেলো বা না খেলো, তোমাকে আমার কাছে থাকতে হবে।” এখনো আমি একই কথা বলছি।’

আল নাসরে রোনালদোর সাথে এক বছর কাজ করার পর ২০২৬ বিশ্বকাপের পর পর্তুগালের দায়িত্ব নেন জেসুস। এবারের ফিফা উইন্ডো দিয়ে দুজনের নতুন অধ্যায়ের শুরু হয়। ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে রোনালদোকে একাদশে রাখা হলেও নরওয়ের বিপক্ষে পরের ম্যাচে তাকে বেঞ্চে বসানো হয়।

দ্বিতীয়ার্ধে রোনালদোকে ওয়ার্মআপ করানো হলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি। প্রতিযোগিতামূলক ম্যাচের স্কোয়াডে থেকেও পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার অভিজ্ঞতা ২০০৮ সালের পর এই প্রথম হয় তার।

এরপর কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে রোনালদোকে শুরু থেকে খেলানো হবে না জেসুস সংবাদ সম্মেলনে এমনটা জানানোর পরই জাতীয় দলের ক্যাম্প ছাড়েন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো জানান, জাতীয় দল ছাড়ার কারণ ‘সময়মতো’ পর্তুগালের মানুষকে জানাবেন।

রোনালদোর অনুপস্থিতিতে অবশ্য আক্রমণভাগে নিজের জায়গা শক্ত করেছেন গনসালো রামোস। এসি মিলানের এই স্ট্রাইকার রোনালদো না থাকায় টানা তিন ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন এবং প্রতিটি ম্যাচেই গোল করেছেন।

নরওয়ের বিপক্ষে জয়ের পর পর্তুগালের অধিনায়ক জোয়াও কানসেলো রোনালদোর প্রসঙ্গে বলেন, ‘ক্রিস্টিয়ানো আমাদের অধিনায়ক, পর্তুগালের ইতিহাসের সেরা খেলোয়াড়। তার সাথে সবকিছু অবশ্যই ভালোভাবে শেষ হবে। তবে গুরুত্বপূর্ণ হলো চারটি জয়।’

রোনালদোর ফিরে আসার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন ডিফেন্ডার নুনো মেন্দেসও। তিনি বলেন, ‘জাতীয় দলে যে খেলোয়াড়ই আসুক, তাকে স্বাগত জানানো হবে। ক্রিস ফিরলে আমরা তাকে দুই হাত বাড়িয়ে গ্রহণ করব।’

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ১৪৬। জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোল দুই ক্ষেত্রেই বিশ্ব রেকর্ডধারী তিনি। তার নেতৃত্বে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দুইবার নেশনস লিগের শিরোপাও জিতেছে পর্তুগাল।