নারী এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বার্সেলোনা। ৭–০ গোলের বিশাল ব্যবধানে জিতে লিগা এফের মৌসুমের প্রথম এল ক্লাসিকো স্মরণীয় করে রেখেছে কাতালান ক্লাবটি। বার্সার গোলবন্যার সবচেয়ে বড় নায়ক ক্লদিয়া পিনা, প্রথমার্ধেই যিনি করেছেন চার গোল।
রবিবার (৪ অক্টোবর) স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত লিগা এফের ম্যাচে শুরু থেকেই রিয়াল মাদ্রিদের ওপর চড়াও হয় বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটেই পিনার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি রিয়াল।
প্রথম গোলের পরও বার্সেলোনার আক্রমণের গতি কমেনি। ২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পিনা। মাত্র চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। ৩৩ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে বার্সেলোনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪–০।
বিরতির ঠিক আগমুহূর্তে আবারও গোল করেন পিনা। ৪৪ মিনিটে নিজের চতুর্থ গোল করে প্রথমার্ধেই দলের ব্যবধান ৫–০ করেন তিনি। এর মধ্য দিয়ে নারী এল ক্লাসিকোর ইতিহাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচে চার গোল করা প্রথম বার্সেলোনা নারী খেলোয়াড়ের কীর্তি গড়েন পিনা।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের তীব্রতা কিছুটা কমে এলেও রিয়ালের বিপদ কাটেনি। ৫৫ মিনিটে এভা পায়ো গোল করলে স্কোরলাইন হয় ৬–০। ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে সিডনি শেরটেনলেইবের গোলে বার্সেলোনার সাত গোলের জয় পূর্ণ হয়।
পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদকে বেশ অগোছালো দেখিয়েছে। প্রথমার্ধে শ্রোডারের নেওয়া একটি শট দারুণভাবে ঠেকিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক কাতা কোল। রিয়ালের আথেনেয়াও গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি।
মাঠের বাইরেও দিনটি ছিল বার্সেলোনার জন্য বিশেষ। স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচটি দেখতে হাজির হন ৪০ হাজার ৫৩৩ দর্শক। লিগা এফের ইতিহাসে এক ম্যাচে এটিই সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।
সাত গোলের বড় জয়, পিনার চার গোল এবং দর্শক উপস্থিতির রেকর্ড সব মিলিয়ে নারী এল ক্লাসিকোর এবারের ম্যাচটি বার্সেলোনার জন্য হয়ে থাকল বিশেষ এক স্মৃতি।


