...|...|...

খেলা

পর্দা নামল এশিয়ান গেমসের, পদক তালিকার তলানিতে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৬
Shares
পর্দা নামল এশিয়ান গেমসের, পদক তালিকার তলানিতে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অবশেষে পর্দা নেমেছে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের। ১৬৯টি সোনাসহ মোট ৩৪১টি পদক জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে চীন। বাংলাদেশের অর্জন একটি ব্রোঞ্জ, যা এসেছে উশু থেকে। ৪৫টি দেশ ও একটি শরণার্থী দল অংশ নেওয়া এবারের আসরে বাংলাদেশের অবস্থান ৩৭তম।

আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের আসর। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। বাংলাদেশের পতাকা বহন করেন ক্রিকেটার লিটন দাস। মার্চ পাস্ট শেষে পরবর্তী আসরের স্বাগতিক হিসেবে কাতারের নাম ঘোষণা করা হয়। পরে মশাল নেভানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় গেমস।

পদক তালিকায় বাংলাদেশের সাথে আরও তিনটি দেশ ব্রুনাই, লাওস ও সিরিয়া একটি করে ব্রোঞ্জ পেয়েছে। তবে ইংরেজি বর্ণানুক্রমের হিসাবে এগিয়ে থাকায় তালিকায় ৩৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্য তিন দেশ রয়েছে এর পরের অবস্থানগুলোতে।

২০১৮ সালের ইন্দোনেশিয়া এশিয়ান গেমসে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। এবার অবশ্য সেই অপেক্ষার অবসান হয়েছে উশুর হাত ধরে। ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন জিন্নাত আক্তার।

তবে পদক নিশ্চিত করতে জিন্নাতকে কোয়ার্টার ফাইনালে লড়তে হয়নি। কোয়ার্টার ফাইনালে তার নির্ধারিত প্রতিপক্ষ ওজনসীমা অতিক্রম করায় সরাসরি সেমিফাইনালে উঠে যান জিন্নাত। সেখানেই তার ব্রোঞ্জ নিশ্চিত হয়।

এই পদকের মধ্য দিয়ে একক ইভেন্টে এশিয়ান গেমসে ৪০ বছর পর পদক জিতল বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালের আসরে একক ইভেন্টে বাংলাদেশের পদক এসেছিল।

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ মোট ২২টি ডিসিপ্লিনে অংশ নেয়। ক্রিকেট, কাবাডি, আর্চারি ও শুটিং থেকে পদকের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সেসব ইভেন্ট থেকে কোনো পদক আসেনি। ফলে উশুর ব্রোঞ্জই হয়ে থাকল এবারের আসরে বাংলাদেশের একমাত্র সাফল্য।

সামগ্রিক পদক তালিকায় অবশ্য বড় ব্যবধানে শীর্ষে চীন। ১৬৯টি স্বর্ণসহ তাদের মোট পদকসংখ্যা ৩৪১টি। আর একটি ব্রোঞ্জ নিয়ে ৩৭তম অবস্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।