পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে শেষ পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (ডব্লিউসিএল)-এর তৃতীয় মৌসুম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস।
শনিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ লিজেন্ডসের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ খেলার কথা থাকলেও এনওসি জটিলতায় ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। টুর্নামেন্টের মাঝপথে টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর কথা অনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দলটি।
দলটির মালিক কামিল খান পিসিবির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানালেও বোর্ড নিজেদের অবস্থানে অনড় থাকে। এক বিজ্ঞপ্তিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানায়, ‘পিসিবির সিদ্ধান্ত বহাল থাকায় অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ডব্লিউসিএলে অংশ নিতে পারছি না। বোর্ডের সিদ্ধান্তকে আমরা সম্মান করি, তবে বৈশ্বিক এই আসরে অংশ নিতে না পেরে খেলোয়াড়েরা ভীষণ হতাশ।’
উল্লেখ্য, ২০২৫ সালে রাজনৈতিক উত্তেজনার অজুহাতে ভারত চ্যাম্পিয়নস সেমিফাইনালসহ দুটি ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে আয়োজকদের ভূমিকা নিয়ে পিসিবি তীব্র অসন্তোষ প্রকাশ করে। ভারত ম্যাচ না খেলেও পয়েন্ট পাওয়ায় আয়োজকদের অপেশাদার আচরণকে দায়ী করেছিল বোর্ড। সেই তিক্ত অভিজ্ঞতার ধারাবাহিকতাতেই এবার এনওসি আটকে দেওয়া হয়।
সাতটি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর। সূচি অনুযায়ী আগামী ১০ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের, তবে দলটির নাম প্রত্যাহারে তা আর হচ্ছে না।


