...|...|...

খেলা

নাইট ক্লাব কাণ্ডে বড় শাস্তির মুখে দুই ফুটবলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৩
Shares
নাইট ক্লাব কাণ্ডে বড় শাস্তির মুখে দুই ফুটবলার

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের লজ্জাজনক হারের পর বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের বিরুদ্ধে নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির পাশাপাশি রাষ্ট্রীয় ক্রীড়া ভাতাও বাতিল হতে পারে তাদের।

 বৃহস্পতিবার (১ অক্টোবর) ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দুই ফুটবলারের বিরুদ্ধে নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ ওঠে। ইন্দোনেশিয়ার এক নারীর পোস্ট করা ওই ছবিতে দুই বাংলাদেশি ফুটবলারকে দেখা গেছে বলে দাবি করা হয়। তবে সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়র অভিযোগটি অস্বীকার করে জানিয়েছেন, ছবিটি পুরনো এবং ম্যাচের পরের কোনো ঘটনার সাথে এর সম্পর্ক নেই।

এ নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এশিয়ান গেমসে উশুতে পদকজয়ী জিনাত আক্তারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, অভিযোগের সত্যতা বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, 'ফুটবলের ফলাফল এমনিতেই খুব বাজে হয়েছে। তার ওপর এই অভিযোগ এসেছে। আমি অত্যন্ত হতাশ। তৎকালীন দলের দায়িত্বে বা ম্যানেজমেন্টে কারা ছিলেন, আমরা সেটিও খতিয়ে দেখছি।'

অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট দুই খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। খেলোয়াড়দের জাতীয় দলের দায়িত্ব পালনের সময় আচরণ ও শৃঙ্খলার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, 'আমি পরিষ্কার করে বলছি, তাদের নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর তারা যদি ক্রীড়া ভাতা কর্মসূচির অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তবে তাও বাতিল করা হবে।'

তদন্তের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আমিনুল হক। তিনি জানান, বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে বিষয়টি নিয়ে আরও আলোচনা করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'আমি বাফুফে সভাপতি (তাবিথ আওয়াল) এর সাথে কথা বলেছি। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি ফিরলে বাকি বিষয়গুলো নিয়ে কাজ করব। এ বিষয়ে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের পারফরম্যান্সের পর তারা কীভাবে এমন কাজ করার সাহস পেল, তাও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টিরই নিরপেক্ষ তদন্ত হবে।'

৯-২ গোলের হারের পর এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন তদন্তে ছবিটির সত্যতা, সেটি কখন ধারণ করা হয়েছিল এবং দুই ফুটবলার আদৌ ম্যাচের পর নাইট ক্লাবে গিয়েছিলেন কি না এসব বিষয়ই খতিয়ে দেখা হবে।