...|...|...

বিশ্ব

২০৩৪ বিশ্বকাপের ‘স্বপ্নের’ নিওম স্টেডিয়াম প্রকল্প স্থগিত করল সৌদি আরব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৭
Shares
২০৩৪ বিশ্বকাপের ‘স্বপ্নের’ নিওম স্টেডিয়াম প্রকল্প স্থগিত করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

২০৩৪ ফিফা বিশ্বকাপের অন্যতম আলোচিত ভেন্যু হিসেবে পরিকল্পিত ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের ‘নিওম স্টেডিয়াম’ প্রকল্প আপাতত স্থগিত রেখেছে সৌদি আরব। বৃহত্তর নিওম উন্নয়ন প্রকল্পে বিলম্ব ও অগ্রাধিকার পুনর্বিন্যাসের মধ্যেই উচ্চাভিলাষী এই স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নির্মাণ খাতের তথ্যভাণ্ডার মিড প্রজেক্ট এর তথ্য অনুযায়ী, ৪৬ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম প্রকল্পটি বর্তমানে ‘অন হোল্ড’ অবস্থায় রয়েছে এবং এর কোনো নতুন সমাপ্তির সময়সীমাও উল্লেখ করা হয়নি। প্রকল্পসংশ্লিষ্ট দুটি সূত্রও জানিয়েছে, পরিকল্পনাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ বিডে নিওম স্টেডিয়ামকে সবচেয়ে ভবিষ্যৎমুখী ভেন্যুগুলোর একটি হিসেবে তুলে ধরা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ১৬০ কিলোমিটার দীর্ঘ ‘দ্য লাইন’ নগর প্রকল্পের মধ্যে ভূমি থেকে প্রায় ৩৫০ মিটার ওপরে স্টেডিয়ামটি নির্মাণের কথা ছিল।

২০২৪ সালে বিশ্বকাপের বিড জমা দেওয়ার সময় সৌদি আরব পাঁচটি শহরে ১৫টি স্টেডিয়ামের পরিকল্পনা প্রকাশ করে। এর মধ্যে নিওমের এই ভেন্যুটিও অন্তর্ভুক্ত ছিল। পরে ২০২৪ সালের ১১ ডিসেম্বর ফিফা আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচন করে।

নিওম স্টেডিয়াম স্থগিতের খবর এমন সময় এলো, যখন ‘দ্য লাইন’ প্রকল্পের অগ্রাধিকার নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। নিওমের মালিক পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ইয়াসির আল-রুমাইয়ান গত এপ্রিলে জানিয়েছিলেন, ‘দ্য লাইন’ বর্তমানে আগের মতো অগ্রাধিকারের শীর্ষে নেই এবং ২০৩০ সালের আগে প্রকল্পটি অত্যাবশ্যক নয়। তবে তিনি কোনো প্রকল্প বাতিলের কথা অস্বীকার করেছিলেন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিনিয়োগ কৌশলেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পিআইএফ ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি ‘গিগা-প্রজেক্ট’-এর বদলে তুলনামূলক দ্রুত আর্থিক ফল দিতে পারে—এমন প্রকল্পে বেশি গুরুত্ব দিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। MEED-ও জানিয়েছে, নিওমে এখন বন্দর, সবুজ হাইড্রোজেন, এআই ডেটা সেন্টার ও লজিস্টিকসের মতো বাণিজ্যিকভাবে কার্যকর খাতগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে রিয়াদের ‘নিউ মুরাব্বা’ প্রকল্পের কেন্দ্রীয় স্থাপনা হিসেবে পরিকল্পিত বিশাল ঘনকাকৃতির ভবন ‘দ্য মুকাব’-এর নির্মাণকাজও স্থগিত হওয়ার খবর আসে। ফলে সৌদি আরবের বিশাল উন্নয়ন পরিকল্পনার ব্যয় ও বাস্তবায়ন সময়সূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তারপরও ২০৩৪ বিশ্বকাপকে ঘিরে অন্য স্টেডিয়াম ও অবকাঠামো প্রকল্পের কাজ চলমান রয়েছে। বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে সৌদি আরব এখন নির্দিষ্ট সময়সীমার প্রকল্প—বিশেষ করে স্টেডিয়াম, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো—বাস্তবায়নে বেশি মনোযোগ দিচ্ছে।

সৌদি আরবের অর্থনৈতিক বহুমুখীকরণ পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকে দীর্ঘদিন ধরেই গুরুত্ব দিয়ে আসছে রিয়াদ। সেই প্রেক্ষাপটে নিওম স্টেডিয়াম স্থগিতের সিদ্ধান্ত প্রকল্প অগ্রাধিকারে বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে।