...|...|...

প্রবাস

প্রশিক্ষিত কুকুরের সহায়তায় মালয়েশিয়ায় বাংলাদেশির লাশ উদ্ধার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৪
Shares
প্রশিক্ষিত কুকুরের সহায়তায় মালয়েশিয়ায় বাংলাদেশির লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হওয়া এক বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী দল। প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুরের সহায়তায় মাটির স্তূপের নিচ থেকে মো. ফাহাদ হোসেন নামে ২৭ বছর বয়সী ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডস এলাকার একটি সবজি খামারে গত শুক্রবার পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ফাহাদ মাটিচাপা পড়ে নিখোঁজ হন। এরপর রবিবার সকালে তাকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ।

গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তল্লাশি দল মাটির গভীর থেকে ফাহাদের লাশ শনাক্ত করে। এ সময় ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি প্রশিক্ষিত ট্র্যাকার কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্ধার অভিযানে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ২০ জন সদস্যের পাশাপাশি তিনটি প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ও একটি এক্সকাভেটর ব্যবহার করা হয়। সকাল ৮টা থেকে উদ্ধারকারীরা নিখোঁজ ফাহাদকে খুঁজতে ব্যাপক তল্লাশি চালান।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তা স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাহাড়ধসের ঘটনায় ফাহাদ কীভাবে মাটিচাপা পড়েছিলেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে।