...|...|...

বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৩

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০৯ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:১২
Shares
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৩

ফাইল ছবি

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার দেইর আল-বালাহ ও খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মধ্য গাজার দেইর আল-বালাহর দক্ষিণে আল-হাওজ এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন। অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার হামাদ সিটির উত্তরে আরেক হামলায় আরও একজন নিহত হন।

ফিলিস্তিনি হাসপাতাল সূত্র জানিয়েছে, রোববার সকাল থেকে দেইর আল-বালাহ ও খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক কন্যাশিশুও রয়েছে।

এ ছাড়া উত্তর গাজায় বেসামরিক মানুষের একটি সমাবেশে হামলায় কয়েকজন আহত হয়েছেন। গাজা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলেও ইসরায়েলি গোলাবর্ষণে হতাহতের খবর পাওয়া গেছে।

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা ও গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।