...|...|...

সারাদেশ

রেলপথ নির্মাণে জমি দিয়ে দেড় কোটি টাকার ক্ষতিপূরণ পেলেন মালিকেরা

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ১০:৫১
Shares
রেলপথ নির্মাণে জমি দিয়ে দেড় কোটি টাকার ক্ষতিপূরণ পেলেন মালিকেরা

ছবি: টাইমস টুডে

সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিপরীতে মাগুরায় ৪২টি চেকের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ বিতরণ করেছে জেলা প্রশাসন। এর মধ্যে ৪১টি চেক দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের জমির মালিকদের। বাকি একটি চেক দেওয়া হয়েছে মাগুরা-শ্রীপুর মহাসড়ক প্রকল্পের জন্য জমি দেওয়া এক মালিককে।

বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে প্রকাশিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় ৪১টি এলএ চেকের মাধ্যমে মোট ১ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ৮৮৪ টাকা ৮৬ পয়সা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। জমির মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে এসব অর্থ বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোতাকাব্বির আহম্মেদ এসব ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

বাংলাদেশ রেলওয়ের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের জন্য ০৪/২০১৯-২০ নম্বর এলএ মামলার আওতায় জমি অধিগ্রহণ করা হচ্ছে। ২০২০ সালের ৩১ মে এ অধিগ্রহণ মামলা করা হয়।

প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে মোট প্রাক্কলিত বরাদ্দ ১১৫ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪২৬ টাকা ৮ পয়সা। এর মধ্যে জমির ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ রয়েছে ১১৩ কোটি ১৭ লাখ ৫ হাজার ৩১৯ টাকা ৬৯ পয়সা।

এদিকে মাগুরা-শ্রীপুর মহাসড়কের বাঁক অপসারণ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ০৫/২০১৯-২০ নম্বর এলএ মামলায় একটি চেকের মাধ্যমে আরও ৮ লাখ ৪৫ হাজার ৯০২ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পে মোট ৫৬ কোটি ২১ লাখ ৭০ হাজার ৩৭৩ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করা হয়েছে। এটি নির্ধারিত জমির ক্ষতিপূরণের প্রায় ৫০ শতাংশ।

তবে দেওয়ানি মামলা থাকায় প্রায় ৩৬ শতাংশ ক্ষতিপূরণ আপাতত বিতরণ করা সম্ভব হচ্ছে না। মামলা না থাকা জমির বিপরীতে অবশিষ্ট প্রায় ১৪ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ক্ষতিপূরণ পেতে কোনো ঘুষ দিতে হয়নি কিংবা প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়নি বলে জানিয়েছেন কয়েকজন উপকারভোগী।

ক্ষতিপূরণ পাওয়া কাসুন্দি মৌজার বাসিন্দা রেজাউল ইসলামসহ অন্যরা জানান, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকায় তারা সহজেই চেক পেয়েছেন। এ জন্য তারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোতাকাব্বির আহম্মেদ বলেন, ক্ষতিপূরণ বিতরণে প্রকৃত মালিক শনাক্তকরণ, দলিল ও জাতীয় পরিচয়পত্র যাচাই, ওয়ারিশ নির্ধারণ এবং জমিসংক্রান্ত মামলা পর্যালোচনা করে ভুক্তভোগীদের মধ্যে চেক দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি সেবা পেতে কাউকে যাতে হয়রানি বা ঘুষ দিতে না হয়, সেদিকে জেলা প্রশাসন কঠোর নজর রাখছে। পর্যায়ক্রমে বাকি ক্ষতিপূরণও মামলা নিষ্পত্তি সাপেক্ষে বিতরণ করা হবে।