বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এসএম মেহরব হাসানের তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী নগরীর কাজলা মৃধাপাড়ায় তার ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, চুরির ঘটনায় গ্রেফতার চারজনের মধ্যে মোজাম্মেল হক পুলিশকে জানান, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া তিন লাখ টাকা তার ভাড়া বাসায় রাখা আছে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সেখানে অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করে।
জাতীয় ক্রিকেট লিগের খেলা শেষে বুধবার ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ একটি কাভার্ডভ্যানে করে পাঠানো হয়েছিল। সকালে কাভার্ডভ্যান থেকে মালামাল নামানোর সময় আটটি লাগেজ পাওয়া যায়নি। এ ঘটনায় ক্রিকেটার মেহরব হাসান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার ভোরে চারজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, রাজশাহীর পুঠিয়া এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে মোটরসাইকেলে করে উঠে দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নিয়েছিলেন তারা।
পরে চুরি হওয়া লাগেজগুলো উদ্ধার করে পুলিশ। সেগুলোর মধ্যে অন্যান্য মালামাল পাওয়া গেলেও তিন লাখ টাকা পাওয়া যায়নি। পরে গ্রেফতার মোজাম্মেল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা হওয়ার পর বৃহস্পতিবারই আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে রুবেল আহমেদ (৩৮) নামে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। চক্রের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

