...|...|...

খেলা

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন ভানিজা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, রাত ১১:২৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, রাত ১১:২৮
Shares
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন ভানিজা

সাবেক পাক অধিনায়ক শোয়েব মালিক ও পাক অভিনেত্রী ভানিজা সাত্তার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে কখনো সরাসরি দেখাই হয়নি, অথচ বারবার ছড়াচ্ছে তাদের বিয়ের গুঞ্জন। বিষয়টি নিয়ে ফের বিরক্তি প্রকাশ করেছেন পাকিস্তানি অভিনেত্রী ভানিজা সাত্তার। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই ছাড়াই চাঞ্চল্যকর খবর ছড়ানোর প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। খবর ডেইলি পাকিস্তানের।

‘কুচ আনকাহি’ নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া ভানিজা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ শেয়ার করে প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লেখেন, “ওহ মাই গড! আবারও!” তার এই মন্তব্যে শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়ায় বিরক্তির বিষয়টি স্পষ্ট হয়েছে।

শুধু নিজের বিয়ের গুঞ্জন নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ভিত্তিহীন দাবি ছড়ানোর প্রবণতারও সমালোচনা করেছেন ভানিজা। তার মতে, কিছু ব্যবহারকারী ভিউ বাড়ানো, মানুষের দৃষ্টি আকর্ষণ এবং অনলাইনে সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা খবর ছড়ান। পরে সেসব দাবির সত্যতা যাচাই না করেই শুরু হয় আলোচনা।

জনগণের সামনে আলোচনার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকলেও কেন মনগড়া গল্প নিয়ে এত মাতামাতি করা হয়, সেই প্রশ্নও তুলেছেন এই অভিনেত্রী।

শোয়েব মালিকের সঙ্গে ভানিজার বিয়ের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এ বিষয়ে কথা বলতে হয়েছে তাকে। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে ভানিজা স্পষ্ট জানিয়েছিলেন, শোয়েব মালিকের সঙ্গে তার কখনো সরাসরি দেখাই হয়নি। এমনকি পরিচয় না থাকা সত্ত্বেও তাদের বিয়ের খবর কীভাবে ছড়াল, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি।

শুরুতে বিষয়টিকে নিছক রসিকতা হিসেবে দেখলেও পরে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। গুঞ্জনটি তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। বন্ধু ও আত্মীয়স্বজন এ বিষয়ে খোঁজ নিতে শুরু করেন। এমনকি পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে শোয়েব মালিকের সঙ্গে তার বিয়ের খবরের সত্যতা জানতে চান পরিচিতজনেরা।

এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জন অনলাইন আলোচনার গণ্ডি ছাড়িয়ে তার পরিবার ও পরিচিতজনদের মধ্যেও বিভ্রান্তি তৈরি করে। একই ধরনের খবর বারবার ছড়িয়ে পড়ার ঘটনায় তারকাদের নিয়ে তথ্য প্রকাশ ও শেয়ার করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ভানিজা। পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।