...|...|...

বিশ্ব

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১০

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৬
Shares
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১০

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র যখন শান্তি আলোচনার ওপর জোর দিচ্ছে, ঠিক সেই সময়ে দুপক্ষের তীব্র পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যেই রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনা নস্যাৎ করার চেষ্টার অভিযোগ তুলেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপক্ষের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

কর্মকর্তারা জানান, ইউক্রেনে রাশিয়ার হামলায় চারজন এবং রাশিয়া ও রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনীয় হামলায় ছয়জন নিহত হয়েছেন। ইউক্রেনের জাপোরিজ্জিয়া আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, রাতের বেলা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অবিরাম বর্ষণে নিজ বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সুমি শহরে পৃথক আরেকটি রুশ হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমাদের অংশীদারদের এটি ভুলে যাওয়া উচিত নয় যে—রাশিয়া প্রতিদিন সংঘাত বাড়িয়ে তুলছে।

তিনি আরও বলেন, রুশ বাহিনী যদি তাদের হামলাগুলোকে আরও নৃশংস করে তোলে, তবে যুদ্ধকে ছড়িয়ে পড়া রোধ করতে বিশ্বকেও আরও জোরালো জবাব বেছে নিতে হবে।