ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের পরিচালিত অর্থনৈতিক প্রচারণায় সমর্থন দিয়ে নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাজ্য, তুরস্ক, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এজন্য চার দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান যে, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করার পর তিনি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বজুড়ে বিশেষ টিম পাঠিয়েছিলেন।
আল জাজিরায় প্রকাশিত পোস্টে তিনি লেখেন, আমাদের এই প্রচেষ্টাগুলো সুফল বয়ে আনছে। তিনি আরও জানান, তুরস্ক ও ওমান তাদের দেশে মহান এয়ার-এর ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সমস্ত ইরানি বিমান সংস্থার ফ্লাইট চলাচল স্থগিত করেছে এবং ইউএই ও তুরস্কের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সাথে যাবতীয় লেনদেন বন্ধ করে দিয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী বলেন, যুক্তরাজ্য, তুরস্ক, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের সরকারগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। তেহরানকে তাদের সন্ত্রাসী এজেন্ডা বাস্তবায়ন থেকে বিরত রাখতে আমাদের আরও অনেক কাজ বাকি আছে, তাই আমরা ভবিষ্যতেও একসাথে কাজ চালিয়ে যাব।

