ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী হুথিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে। ইরান-সমর্থিত হুথিদের কাছ থেকে রাজধানী সানা পুনরুদ্ধার করাই এ অভিযানের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) তাইজ, আল-বায়দা ও আল-জাওফ প্রদেশে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই তীব্র হয়েছে। সরকারি বাহিনী হুথিদের অবস্থান লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে। একই সঙ্গে স্থলবাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে বলেও জানিয়েছে তারা।
ইয়েমেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি বলেন, সৌদি আরব-সমর্থিত সরকার সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে। বাহিনীর মুখপাত্র মজিদ আল-নুজাইলি বলেন, হুথিদের ‘কবল থেকে ইয়েমেনকে মুক্ত করা’ এবং সানাকে সব ইয়েমেনির রাজধানী হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করাই অভিযানের উদ্দেশ্য।
তিনি সানার সাথে মারিব ও আল-জাওফকে সংযোগকারী কয়েকটি প্রধান সড়ক এড়িয়ে চলতে বেসামরিক নাগরিকদের সতর্ক করেছেন।
এদিকে হুথিরা জানিয়েছে, আল-জাওফের আল-হাজম শহরের একটি কারাগারে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর বড় ধরনের লড়াই অনেকটা থেমে ছিল। তবে জুলাইয়ে সংঘাত ফের শুরু হওয়ার পর এখন তা আল-ধালিয়া, মারিব, আল-জাওফ ও আল-বায়দাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে প্রায় ৯০০ জন নিহত বা আহত হয়েছেন। শুধু তাইজ থেকেই প্রায় ২১ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সরকারি বাহিনী আল-জাওফ, আল-বায়দা, তাইজ ও হোদাইদাহতে অগ্রগতির দাবি করেছে। অন্যদিকে হুথিরাও সরকারি বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত এবং তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে।


