ইউরোপের বিভিন্ন দেশে অজ্ঞাত ড্রোন বা মানববিহীন আকাশযানের উপস্থিতির ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই পশ্চিমা গণমাধ্যম রাশিয়াকে দায়ী করছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি এ ধরনের অভিযোগকে ‘তথ্য-খেলা’ হিসেবে উল্লেখ করেছেন।
রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানায়, ‘ডায়ালগ অন ফেকস ৪.০’ শীর্ষক আন্তর্জাতিক ফোরামে বক্তৃতাকালে লাভরভ বলেন, ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার ড্রোন দেখা যাওয়া এবং বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগ সাম্প্রতিক সময়ে পশ্চিমা গণমাধ্যমের নিয়মিত আলোচনার বিষয় হয়ে উঠেছে।
লাভরভ বলেন, “ইউরোপের বিভিন্ন স্থানে রাশিয়ার ড্রোনের উপস্থিতি এবং বিভিন্ন স্থাপনায় হামলার বিষয়টি ইদানীং পশ্চিমা গণমাধ্যমে বেশ ‘ফ্যাশনে’ পরিণত হয়েছে। অথচ প্রতিবারই দেখা যায়, সেগুলো আসলে কোনো ড্রোনই ছিল না, অথবা সেগুলো ছিল ইউক্রেনের ড্রোন, কিংবা এমন কোনো ড্রোন যার মালিকানা নিশ্চিতভাবে রাশিয়ার বলে শনাক্ত করা সম্ভব হয়নি।”
রুশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এসব ঘটনার পেছনের প্রকৃত তথ্য ও বিস্তারিত বিষয় নিয়ে এখন আর কারও আগ্রহ নেই। বরং বিষয়টি এক ধরনের ‘তথ্য-খেলা’য় পরিণত হয়েছে।
লাভরভ বলেন, ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন নিয়ে যেসব অভিযোগ সামনে আসছে, সেগুলোর প্রকৃত উৎস ও মালিকানা নিশ্চিত না করেই রাশিয়াকে দায়ী করার প্রবণতা তৈরি হয়েছে। তাঁর মতে, এর মাধ্যমে পশ্চিমা গণমাধ্যমে রাশিয়াকে ঘিরে একটি নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।


