...|...|...

সারাদেশ

যুবকের চোখ উপড়ে রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা

জি এম ছানাউল্লাহ, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ১১:০৯
Shares
যুবকের চোখ উপড়ে রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা

ভোলায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার যুবক রাজিব। ছবি: নিজস্ব

ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে তার হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজিবকে উন্নত চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় ঢাকায় পাঠিয়েছে তার পরিবার। আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বোরহানউদ্দিন উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নেওয়া হয়। সেখানে তার দুই চোখ উপড়ে ফেলার পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ।

পরে পথচারীরা রাজিবকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাজিবের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে ইমন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কী কারণে রাজিবকে তুলে নিয়ে এভাবে নির্যাতন করা হয়েছে এবং ঘটনায় আর কারা জড়িত, তা তদন্ত শেষে জানা যাবে।