...|...|...

সারাদেশ

বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ৯:৪৮
Shares
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে আদালত ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তিনি নগরীর কাশীপুর এলাকার এনামুল হকের ছেলে।

তবে কী কারণে বা কীভাবে তিনি আদালত ভবন থেকে নিচে পড়ে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে বিকট শব্দ শুনে লোকজন ছুটে গিয়ে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পরে বিষয়টি কোতোয়ালি থানা-পুলিশকে জানানো হয়। তবে তিনি ভবন থেকে লাফ দিয়েছেন নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুলের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীর একটি মামলা রয়েছে। তবে এ ঘটনার সাথে ওই মামলার কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো জানা যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।