ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর কবরস্থানে দাফন করা হয়েছে অভিনেতা সোহেল খানকে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর রাজাপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। মঙ্গলবার সকালে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিকেল ৪টার দিকে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়।
সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই অভিনেতা।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে সোহেল খানকে বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। ডেকে সাড়া না পেয়ে অন্যদের ডাকেন ওই সদস্য। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আমরা তাকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’
মঙ্গলবার বিকেলে সোহেল খানের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে খাটিয়ায় রাখা হয়েছে তার লাশ। স্বজনদের কেউ আহাজারি করছিলেন, কেউ আবার বিমর্ষ হয়ে দাঁড়িয়ে ছিলেন। অনেকে একে অপরের সাথে অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণা করছিলেন।
সোহেল খানের ফুফাতো ভাই আবদুল আলীম খান সেলিম বলেন, ‘সোহেল গ্রামপাগল মানুষ ছিলেন। অনেক সময় তাকে বকাঝকা করেছি, কখনো রাগ করেননি।’
সোহেল খানের ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার- এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। উনি একেবারেই সহজ-সরলভাবে আশপাশের লোকজনের সাথে মিশতেন।’
গ্রামের সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন এই অভিনেতা। সময় পেলেই গ্রামে ছুটে যেতেন। সোহেল খানের আত্মীয় ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘সম্পর্কে সোহেল খান আমার মামা হন। তিনি গ্রামের সামাজিক সব কাজের সাথেই যুক্ত ছিলেন।’
সোহেল খানের মৃত্যুতে শোক জানিয়েছেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন।’
আরশাদ আদনান আরও বলেন, ‘তিনি (সোহেল খান) আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম। আমরা তাকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’


