...|...|...

বিনোদন

কলাম্বিয়ায় যেভাবে কাটছে মিথিলার দিন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৮
Shares
কলাম্বিয়ায় যেভাবে কাটছে মিথিলার দিন

ছবি: সংগৃহীত

অভিনয় জগতের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘদিনের কর্মজীবনে এবার যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। প্রায় দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যুক্ত থাকার পর সম্প্রতি চাকরি ছেড়েছেন তিনি। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। নতুন কর্মস্থলে কাজের ব্যস্ততার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশও বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সময় কাটানোর কয়েকটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন মিথিলা। প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, বেশ হাসিখুশি মেজাজে কর্মস্থলের পথে যাচ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কর্মস্থলে যাওয়ার পথে।’

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ব্রোঞ্জের নারী ভাস্কর্য ‘আলমা মেটার’-এর সামনেও ছবি তুলেছেন মিথিলা। ভাস্কর্যটির মতো একই ভঙ্গিতে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিগুলোতে নতুন কর্মজীবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পরিবেশের সাথে তার পরিচিত হওয়ার মুহূর্তও ফুটে উঠেছে।

জানা গেছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন মিথিলা। নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্বে নেতৃত্ব দেবেন তিনি।

 অভিনয়ের পাশাপাশি উন্নয়ন ও গবেষণার কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মিথিলার। এবার যুক্তরাষ্ট্রের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব নিয়ে পেশাগত জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করলেন তিনি।