বিশ্বের অনেক কিংবদন্তি অভিনয়শিল্পীর জীবন ও কর্ম নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক। এসব চলচ্চিত্রে উঠে এসেছে তাদের ব্যক্তিজীবন, সংগ্রাম ও সাফল্যের নানা অধ্যায়। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতার নাম।
নিজের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শুধু অনুমতিই নয়, গল্প পছন্দ হলে নিজের বায়োপিকে নিজেই অভিনয় করতে চান এই অভিনেত্রী। তবে এ ক্ষেত্রে নির্মাতাদের মানতে হবে তার দেওয়া দুটি গুরুত্বপূর্ণ শর্ত।
কয়েক মাস ধরে ছেলের কাছে কানাডায় অবস্থান করছেন ববিতা। সেখান থেকেই নিজের বায়োপিক নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন তিনি। অভিনেত্রীর প্রথম শর্ত, তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিখুঁতভাবে তুলে ধরতে হবে। দ্বিতীয়ত, মানসম্মত নির্মাণের জন্য পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করতে হবে।
ববিতার মতে, শুধু চলচ্চিত্রজীবন নয়, বায়োপিকে থাকতে হবে তার পুরো জীবনের গল্প। জন্ম, পড়াশোনা, মা-বাবা, পরিবার, চলচ্চিত্রে যাত্রার শুরু থেকে শুরু করে তারকা হয়ে ওঠার পেছনের সংগ্রাম কিছুই বাদ দেয়া যাবে না।
পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তার পদচারণ, অভিনয়ের স্বীকৃতি, সিনেমাকে ঘিরে পাওয়া আনন্দ-বেদনা ও ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরতে হবে।
এ প্রসঙ্গে ববিতা বলেন, কেউ যদি তার জীবনের গল্প সঠিকভাবে লেখেন এবং সেটি তার পছন্দ হয়, তাহলে বায়োপিকে অভিনয় করতেও আপত্তি নেই। আগেও বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন এই অভিনেত্রী। নিজের পছন্দ ও গল্পের প্রতি বরাবরই গুরুত্ব দিয়েছেন তিনি। তাই বায়োপিকের ক্ষেত্রেও কোনো আপস করতে চান না। তার ভাষ্য, জীবনের নিখুঁত বর্ণনা না থাকলে তাকে নিয়ে বায়োপিক নির্মাণের প্রয়োজন নেই।


