যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই হুমকি দেন।
সাফাভি বলেন, সংঘাত ইতিমধ্যেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যুদ্ধ আরও জোরদার হলে এর বিস্তৃতি ভারত মহাসাগর ও তার বাইরেও পৌঁছাতে পারে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে তেহরান প্রথমবারের মতো ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথ সামরিক ঘাঁটি ‘দিয়েগো গার্সিয়া’কে নিশানা করার ইঙ্গিত দিল, যা ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এর জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান।
বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা চলছে। অন্যদিকে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ জোরদার করায় এশিয়া-ইউরোপ নৌপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন। যুদ্ধবিরতির জন্য দেশের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে বাজেয়াপ্ত সম্পদ নিঃশর্ত মুক্তির শর্ত দিয়েছে ইরান।


