যুক্তরাষ্ট্র যুদ্ধে পরাজিত হয়েছে এবং সেই পরাজয় স্বীকার করার মতো সাহস দেশটির নেই বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ‘ঐতিহাসিক ও অপমানজনক পরাজয়ের’ মুখে পড়েছে। তবে সেই পরাজয় স্বীকার ও মেনে নেওয়ার মতো সাহস ওয়াশিংটনের নেই।
এই পরাজয়ের একটি নিদর্শন হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কথা উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল বলে দাবি করেন মোহেব্বি। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র নিজেদের সব সক্ষমতা কাজে লাগিয়েও এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করতে ‘পারেনি’।
আইআরজিসির এই মুখপাত্র আরও দাবি করেন, পুরো অঞ্চলজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো একপর্যায়ে দেশটির জন্য বোঝা হয়ে দাঁড়ায়। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্র যে বিনিয়োগ করেছিল, ইরানি হামলার মুখে তা ‘নিরাপত্তার ঠিক বিপরীত পরিস্থিতিতে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মোহেব্বি আরও বলেন, পারস্য উপসাগর ও উত্তর ইরাক অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কেন্দ্রগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তাঁর দাবি, এর মাধ্যমে প্রমাণ হয়েছে এসব স্থাপনা ইরানি হামলার আওতার বাইরে ছিল না।
এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা’ বলেও উল্লেখ করেন আইআরজিসির মুখপাত্র।


