ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়ের সাংবাদিক হেলে লিং দাবি করেছেন, হায়দরাবাদে অনুষ্ঠেয় ‘ভারত সামিট’-এ যোগ দেওয়ার আগেই তার ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিং বলেন, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ তার ভিসা বাতিল করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্যানেল সদস্য ও বক্তা হিসেবে হায়দরাবাদের ‘ভারত সামিট’-এ অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন লিং। ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রায় ৭০ দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এক্সে দেওয়া পোস্টে লিং লেখেন, তার বুধবার সকালে ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভিসা বাতিলের বিষয়টি তিনি জানতে পারেন।
এর আগে নরওয়ের রাজধানী অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং।
চলতি বছরের মে মাসের ওই অনুষ্ঠানের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানে লিং মোদির উদ্দেশে জানতে চান, তিনি যাকে ‘বিশ্বের সবচেয়ে মুক্ত সংবাদমাধ্যম’ হিসেবে উল্লেখ করেন, সেই দেশের সাংবাদিকদের প্রশ্ন কেন নেন না।
তবে মোদি তার প্রশ্নের উত্তর না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে এক্সে দেওয়া আরেক পোস্টে লিং বলেন, রাজনৈতিক নেতাদের প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব।
ঘটনাটি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমবিষয়ক সচিব শিবি জর্জের একটি সংবাদ ব্রিফিংয়েও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে লিং ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তোলেন এবং একপর্যায়ে জানতে চান, ‘আমরা আপনাদের বিশ্বাস করব কেন?’
ভিসা বাতিলের পর এক্সে প্রকাশিত একটি ভিডিওতেও নিজের অভিযোগ পুনর্ব্যক্ত করেন লিং। তিনি বলেন, ভারত সফরের বৈধ ভিসা তার ছিল এবং সংবাদমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় অংশ নিতেই তার হায়দরাবাদ যাওয়ার কথা ছিল।
তবে ভারত সরকার কেন তার ভিসা বাতিল করেছে কিংবা সত্যিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত সরকারি কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।


