...|...|...

বিশ্ব

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার’ করার যুগ শুরু হয়েছে: গালিবাফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২১
Shares
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার’ করার যুগ শুরু হয়েছে: গালিবাফ

মোহাম্মদ বাকের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সপ্তম মাস চলছে উল্লেখ করে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, মার্কিন এফ-৩৫ এবং এফ-১৫ যুদ্ধবিমানগুলোকে ‘শিকার’ করার যুগ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। খবর মেহের নিউজ এজেন্সির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আপনার এফ-৩৫ এবং এফ-১৫গুলো যখন শিকার হবে এবং আপনাদের যখন সেগুলোর ক্ষয়ক্ষতির প্রতিবেদন দিতে হবে, সেই যুগ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

তিনি আরও বলেন, যা একসময় ছিল নিছক একটা দুঃস্বপ্ন, তা এখন প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। এ নিয়েই বেঁচে থাকুন।

প্রেস টিভি জানায়, মার্কিন যৌথ চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মার্কিন সামরিক ফর্মেশনগুলো একটি নতুন যুদ্ধক্ষেত্রের পরিবেশের মুখোমুখি হচ্ছে বলে স্বীকার করার পর গালিবাফ এই মন্তব্য করেন।

গত বুধবার ড্যান কেইন বলেন, আমাদের এখন থেকেই ধরে নিতে হবে যে আমাদের ফর্মেশনগুলো স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে শিকার হবে, পুরো স্পেকট্রামজুড়ে জ্যামিংয়ের শিকার হবে এবং রিয়েল-টাইমে ট্র্যাক করা হবে।

মার্কিন সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক মাসের আগ্রাসনের পর মার্কিন বাহিনীর ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে। পেন্টাগন ইন্সপেক্টর জেনারেলের এক মূল্যায়নে বলা হয়েছে যে, পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে শত শত ভবন ও অবকাঠামো ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং এর ফলে গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া এই হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে তাদের সৈন্য পরিচালনার ধরনও পরিবর্তন করেছে।