সৌদি আরবকে সহায়তার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র যদি ইয়েমেনের সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়ে, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ বা স্থাপনাগুলোতে হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী সানায় বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে হুথির এক সামরিক কর্মকর্তা আবেদ মোহাম্মদ আল-সাওর বলেন, আমেরিকা যদি তাদের নৌবহর নিয়ে সামরিকভাবে হস্তক্ষেপ করার সাহস দেখায় অথবা বাবাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তবে এটি তাদের এবং অন্য সবার জন্য একটি রেড লাইন বা লাল দাগ... আমরা এর বিরুদ্ধে লড়াই করব।
তিনি আরও বলেন, আমেরিকা যদি বিমান হামলা বা আকাশপথে সহায়তার মাধ্যমে সৌদি আরবকে সমর্থন করার জুয়া খেলে... তবে আমরা আমাদের আশপাশে থাকা যেকোনো মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহের শেষ দিকে সশস্ত্র এই গোষ্ঠীর ওপর মার্কিন হামলা শেষ মুহূর্তে বাতিল করেছেন—এমন একটি সংবাদ প্রকাশের পরই এই মন্তব্য সামনে এল।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে যুক্তরাষ্ট্র গত রবিবার হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তা থেকে বিরত থাকে।


