...|...|...

বিশ্ব

ভারতে বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব পেল নতুন প্রতিষ্ঠান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩২
Shares
ভারতে বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব পেল নতুন প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

ভারতের পাঁচটি রাজ্যে বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের আওতায় ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব পেয়েছে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’ (এসজিজিএস)।

আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে প্রতিষ্ঠানটির নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়—এই পাঁচ রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিকরা নতুন কেন্দ্রগুলোর মাধ্যমে বাংলাদেশের ভিসার আবেদন করতে পারবেন। একই সাথে এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকরাও আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।

নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা

কলকাতা: সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, সেক্টর ফাইভ, সল্টলেক, কলকাতা-৭০০০৯১।

শিলিগুড়ি: সিটি মল (প্রথম তলা), সেবক রোড, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১।

বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের ভিসাপ্রত্যাশীদের ১ ডিসেম্বর থেকে নতুন কেন্দ্রগুলোতে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

এদিকে এতদিন পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি প্রতিষ্ঠান ‘ডিইউ ডিজিটাল’। কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে প্রতিষ্ঠানটির দুটি কেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহ করে বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠানো হতো। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনকারীরা সেখান থেকেই ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন।

চলতি বছরের ৩০ নভেম্বর ডিইউ ডিজিটালের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর নতুন প্রতিষ্ঠান এসজিজিএস ভিসা আবেদন গ্রহণের দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্টদের আশা, নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর ও সেবা কার্যক্রম পরিচালিত হলে বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হবে। পাশাপাশি আবেদনকারীরা উন্নত সেবা পাবেন।